---Advertisement---

জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকীতে রক্তদান মুখ্যমন্ত্রী হিমন্তের

By Suman Debnath

September 19, 2026 8:25 PM

জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকীতে রক্তদান মুখ্যমন্ত্রী হিমন্তের

---Advertisement---


প্রিয় শিল্পীকে শুধু গানে নয়, মানুষের পাশে দাঁড়িয়ে স্মরণ। জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকীতে শনিবার নিজেই রক্তদান করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। গুয়াহাটির বশিষ্ঠ এলাকায় বিজেপির আসাম প্রদেশ দপ্তরে আয়োজিত রক্তদান শিবিরে গিয়ে রক্ত দেন তিনি। জুবিনের স্মরণে বিজেপি কর্মীদের উদ্যোগে এদিন আসামের বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। দলীয় সূত্রে দাবি, রাজ্যজুড়ে মোট ১ হাজার ৮৬৯ ইউনিট রক্ত সংগ্রহ হয়েছে।

রক্ত দেওয়ার পর হিমন্ত বলেন, ‘শুধু তাঁর গান বা সৃষ্টির মধ্য দিয়ে নয়, মানুষের সেবার মাধ্যমেও জুবিনকে মনে রাখা হোক।’ তাঁর কথায়, মানবসেবাই প্রয়াত শিল্পীর স্মৃতির প্রতি অর্থপূর্ণ শ্রদ্ধা হয়ে উঠতে পারে। গুয়াহাটির শিবিরে মুখ্যমন্ত্রীর পাশাপাশি বিজেপির কয়েকজন নেতা, কর্মী-সমর্থকরাও রক্তদান করেন। ওই শিবির থেকে ১১৬ ইউনিট রক্ত সংগ্রহ হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

জুবিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগে থেকেই রাজ্যজুড়ে এই কর্মসূচির ঘোষণা করেছিলেন হিমন্ত। তিনি জানিয়েছিলেন, তিনিও বিজেপি দপ্তরে রক্ত দেবেন। সেই মতো শনিবার কর্মসূচিতে যোগ দেন তিনি। বিজেপির আসাম প্রদেশের মুখপাত্র মানস শরণিয়ার জানিয়েছেন, দলের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জায়গায় আয়োজিত শিবিরগুলিতে মোট ১ হাজার ৮৬৯ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে।

অসমিয়া গানের পাশাপাশি হিন্দি-সহ একাধিক ভারতীয় ভাষায় গান গেয়েছেন জুবিন। গায়ক হিসেবে জনপ্রিয়তার পাশাপাশি সুরকার, গীতিকার, অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা হিসাবেও কাজ করেছেন তিনি। আসামের সংস্কৃতি ও মানুষের সঙ্গে তাঁর গভীর যোগ ছিল। তাই তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে শুধুমাত্র স্মরণসভা নয়, জনসেবামূলক কর্মসূচির মধ্য দিয়েও তাঁকে স্মরণ করার উদ্যোগ নেওয়া হয়।

আরও পড়ুন: নৌসেনা অ্যাকাডেমিতে ভুয়ো পরিচয়ে কাজ, ধৃত বাংলাদেশি

২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে জুবিনের মৃত্যু হয়। তাঁর প্রয়াণে আসামে শোকের ছায়া নেমে এসেছিল। এক বছর পরেও তাঁর গান ও কাজকে ঘিরে অনুরাগীদের সেই আবেগ অটুট। সেই আবেগের সঙ্গেই এবার যুক্ত হল রক্তদানের মতো জনসেবার উদ্যোগ।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment