বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রশিবিরের একটি কর্মসূচিতে বহিরাগতদের অংশগ্রহণের অভিযোগকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্বৈরাচারবিরোধী আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রশিবির ‘অদম্য জুলাই’ নামে একটি র্যালির আয়োজন করে। ওই কর্মসূচিতে বহিরাগতদের অংশগ্রহণের অভিযোগ তুলে ছাত্রদলের নেতাকর্মীরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
প্রথমে বাগবিতণ্ডা ও পরে হাতাহাতির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ছাত্রশিবিরের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি জাকারিয়া ইসলাম বাবু অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাধা দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, ছাত্রদলের নেতাকর্মীরা কর্মসূচি ভণ্ডুল করতে হামলা চালিয়েছে।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত বলেন, শিবিরের কর্মসূচিতে বহিরাগতদের নিয়ে শোডাউন করা হচ্ছিল। এর প্রতিবাদ করলে শিবিরের নেতাকর্মীরা প্রথমে হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) বেলাল হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।
আমার বাঙলা/ তালহা
Leave a Comment