ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সরকারে এসেছেন বলে অহংকার না করে বিনয়ের সঙ্গে কাজের মাধ্যমে মানুষের মন জয় করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন, কারও কাছ থেকে জোর করে কিছু নেবেন—এটা যেন না হয়। দাম্ভিকতা ও সীমালঙ্ঘন আল্লাহ পছন্দ করেন না। আমাদের সবাইকে বিনয়ী হতে হবে এবং মানুষের বিপদে পাশে দাঁড়াতে হবে।”
রোববার (২ আগস্ট) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর সিদ্দিকীয়া বিশ্ব ইসলাম মিশনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্মকে ব্যবহার করে রাজনীতি করার সমালোচনা করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “একটি দল ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে, যা সঠিক নয়। ধর্ম মানুষের খুব সংবেদনশীল জায়গা, আবেগ ও বুকের কাছের জিনিস। ধর্মের কথা বললে মানুষ দুর্বল হয়ে যায়। কিন্তু ওই দলটি কি সবসময় সঠিক কাজ করে? ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এখানে সকলের সমান অধিকার রয়েছে। সনাতনী হিন্দু ভাইবোনরা এবার আমাদের অনেক ভোট দিয়েছেন, এটি মাথায় রেখে তাদের ভালোবেসে তাদের জন্য কাজ করতে হবে।”
বিগত সরকারের আমলের কষ্টের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, “আমরা ১৫ বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছি। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে, কোর্টে হাজিরা দিতে দিতে জীবন শেষ হয়েছে, অনেকেই জেল খেটেছেন। অবশেষে আল্লাহ সুদিন ফিরিয়ে দিয়েছেন। ঠাকুরগাঁওকে দারিদ্র্যমুক্ত করতে ও কর্মসংস্থান সৃষ্টি করতে আমরা যদি একযোগে মন থেকে চাই, তবে তা সম্ভব হবে।”
ঠাকুরগাঁও অঞ্চলের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান ঠাকুরগাঁও হাসপাতালের অচলাবস্থা দূর করে নতুন চিকিৎসক নিয়োগ ও আধুনিক যন্ত্রপাতি আনা হবে। কিডনি রোগীদের যেন কষ্ট করে রংপুর যেতে না হয়, সে জন্য ঠাকুরগাঁওয়ে একটি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে প্রার্থী হতে ইচ্ছুকদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব পরামর্শ দেন, জোর করে বা ক্ষমতার দাপট দেখিয়ে নয়, কাজের মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করে জনপ্রতিনিধি হতে হবে।
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলটির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Leave a Comment