ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর; সংস্কার, বিচার ও সার্বভৌমত্বকে প্রাধান্য দেওয়ার দাবি এনসিপির

By Suman Debnath

November 23, 2026 6:45 PM

ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর; সংস্কার, বিচার ও সার্বভৌমত্বকে প্রাধান্য দেওয়ার দাবি এনসিপির


ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর; সংস্কার, বিচার ও সার্বভৌমত্বকে প্রাধান্য দেওয়ার দাবি এনসিপির


বাংলাদেশ প্রতিবেদকঃ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা সংকট এবং জাতীয় ঐক্যের সম্ভাব্যতা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনার প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যদিকে, টেকসই ঐক্য প্রক্রিয়ায় রাষ্ট্র সংস্কার, বিচার এবং দেশের সার্বভৌমত্বকে মূল এজেন্ডা হিসেবে রাখার জোর দাবি জানিয়েছে এনসিপি।

বৈঠক শেষে সচিবালয়ে উপস্থিত সাংবাদিকদের সামনে আলোচনার বিস্তারিত তুলে ধরেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ সময় তাঁর সঙ্গে দলটির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হুসাইন সিএফ উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম জানান, সাম্প্রতিক সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়টি বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। তিনি বলেন, বর্তমান এই অস্থিতিশীল পরিস্থিতির ভুক্তভোগী কেবল সাধারণ মানুষ নন, বরং সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মী এবং জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বসহ সবাই এর শিকার হচ্ছেন। এই সংকট থেকে উত্তরণের উপায় এবং বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলার বিষয়ে প্রধানমন্ত্রী নিজের অবস্থান থেকে উদ্বেগ (কনসার্ন) প্রকাশ করেছেন এবং সংসদে দেওয়া বক্তব্যের ধারাবাহিকতায় আবারও ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন:  ৯৩ শিক্ষানবিশ এএসপিকে একযোগে বদলি

বৈঠকে এনসিপির পক্ষ থেকে বর্তমান পরিস্থিতির পেছনের কারণগুলো তুলে ধরা হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। তাঁর মতে, আজকের এই পরিস্থিতি একদিনে তৈরি হয়নি। নির্বাচনের পর থেকে বিগত সাত-আট মাসে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার প্রক্রিয়ায় আপসকামিতা, আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো স্পষ্ট না করার কারণেই বর্তমান সংকট ঘনীভূত হয়েছে।

জাতীয় ঐক্যের রূপরেখা প্রসঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, “জুলাই ঐক্য প্রশ্নে সংস্কার, বিচার এবং দেশের সার্বভৌমত্বকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। আমরা সুপারিশ করেছি যেন ঐক্য প্রক্রিয়ায় রাষ্ট্র সংস্কারকে মূল এজেন্ডা হিসেবে রাখা হয়।” তিনি অভিযোগ করেন, বর্তমান একদলীয় সংবিধান সংশোধন কমিটি সংস্কার প্রক্রিয়া, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের পথকে বাধাগ্রস্ত করছে। বৈঠকে এনসিপির পক্ষ থেকে ওই কমিটি অবিলম্বে বাতিল করার এবং গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন:  শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

বক্তব্যের শেষাংশে বর্তমান রাজনৈতিক লড়াইয়ের প্রকৃতি ব্যাখ্যা করে নাহিদ ইসলাম বলেন, “বর্তমান লড়াই কোনোভাবেই আওয়ামী লীগের সঙ্গে লড়াই নয়; আমরা তাদের গত ৫ আগস্টেই পরাজিত করেছি। আমাদের আজকের এই লড়াই মূলত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে।” তিনি দাবি করেন, ভারত আওয়ামী লীগ এবং তাদের নানা ধরনের ‘অ্যাসেট’ ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এই আধিপত্যবাদ মোকাবিলায় দেশের জনগণ ও সব দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment