আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরার পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। মঙ্গলবার তিনি জানান, প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে ডিজিপির ঝুলন্ত অবস্থায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে এখনও পূর্ণাঙ্গ ফরেনসিক রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। পাশাপাশি তিনি স্পষ্ট করে বলেন, “আইন অনুযায়ী যা যা করণীয়, সবই করা হবে।”
মঙ্গলবার রাজ্য সচিবালয়ে ডিজিপি অনুরাগ ধনখড়কে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মন্ত্রিসভার সদস্য, ঊর্ধ্বতন প্রশাসনিক আধিকারিক এবং পুলিশের শীর্ষ কর্তারা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী গভীর শোক প্রকাশ করেন।
তিনি বলেন, “অনুরাগ ধনখড় একজন অত্যন্ত সৎ, নিষ্ঠাবান ও দক্ষ পুলিশ আধিকারিক ছিলেন। তিনি ডিজিপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই আমি নিশ্চিত ছিলাম যে রাজ্যের আইন-শৃঙ্খলা সুষ্ঠুভাবে বজায় থাকবে। তাঁর ওপর আমার সম্পূর্ণ আস্থা ছিল।”
মুখ্যমন্ত্রী জানান, গত ১৮ জুলাই ত্রিপুরা পুলিশের পাসিং-আউট প্যারেডে অনুরাগ ধনখড়ের সঙ্গে তাঁর দীর্ঘক্ষণ কথা হয়েছিল। সেই সময় ধনখড়ের স্ত্রী-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। তিনি বলেন, “তখন কল্পনাও করতে পারিনি, এভাবে আমাদের ছেড়ে চলে যাবেন।”
ঘটনার দিনের বিবরণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, সোমবার একটি বৈঠকে থাকাকালীন এক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক তাঁকে বিষয়টি অবহিত করেন। এরপর তিনি মুখ্যসচিবসহ অন্যান্য আধিকারিকদের নিয়ে দ্রুত পুলিশ সদর দপ্তরে পৌঁছান। সেখানে দেখা যায়, নিজের দপ্তরের সংলগ্ন ওয়াশরুমে ডিজিপিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, “প্রাথমিক ময়নাতদন্তে ঝুলন্ত অবস্থায় মৃত্যুর বিষয়টি উঠে এসেছে। তবে বিস্তারিত ফরেনসিক রিপোর্ট এখনও আসেনি। তদন্ত আইন মেনেই এগিয়ে চলবে।”
রাজ্যের পুলিশ বাহিনীর সর্বোচ্চ পদে থাকা একজন কর্মকর্তার এই আকস্মিক মৃত্যুতে গোটা ত্রিপুরাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানোর পর মঙ্গলবার বিশেষ বিমানে অনুরাগ ধনখড়ের মরদেহ নয়াদিল্লিতে পাঠানো হয়। আগরতলায় তাঁর বড় ভাই বিবেক ধনখড় মরদেহ গ্রহণ করেন। কানাডা থেকে তাঁর ছেলে মঙ্গলবার সন্ধ্যার মধ্যে দিল্লিতে পৌঁছানোর কথা রয়েছে। পরে উত্তরপ্রদেশে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।








Leave a Comment