---Advertisement---

লালছড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে শিক্ষক সংকট, এক ঘরে একসঙ্গে পাঁচ শ্রেণির পড়ুয়া! ডেপুটেশন SFI-এর

By Suman Debnath

October 9, 2026 9:36 AM

লালছড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে শিক্ষক সংকট, এক ঘরে একসঙ্গে পাঁচ শ্রেণির পড়ুয়া! ডেপুটেশন SFI-এর

---Advertisement---

খোয়াই, ৯ অক্টোবর: শিক্ষক সংকটে ধুঁকছে খোয়াইয়ের লালছড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রাতঃ বিভাগ। মাত্র দু’জন শিক্ষককে নিয়ে চলছে প্রায় ৪০ জন পড়ুয়ার পঠনপাঠন। অভিযোগ, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের এক ঘরে বসিয়েই পাঠদান করতে হচ্ছে একজন শিক্ষককে। বিদ্যালয়ের এই বেহাল শিক্ষাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষক সংকট নিরসনের দাবিতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে ডেপুটেশন প্রদান করল ভারতের ছাত্র ফেডারেশন (SFI)-এর খোয়াই বিভাগীয় কমিটি।

সংগঠনের অভিযোগ, বিদ্যালয়ে প্রায় ৪০ জন ছাত্রছাত্রীর জন্য শিক্ষক রয়েছেন মাত্র দু’জন। তাঁদের মধ্যে একজন প্রায়শই অসুস্থ থাকায় নিয়মিত পঠনপাঠন ব্যাহত হচ্ছে বলে দাবি। অন্যদিকে, কর্মরত শিক্ষককে একদিকে যেমন একাধিক শ্রেণির পড়ুয়াদের পাঠদান করতে হচ্ছে, তেমনই সামলাতে হচ্ছে ছাত্রছাত্রীদের দেখাশোনা এবং বিদ্যালয়ের যাবতীয় দাপ্তরিক কাজ।

অভিযোগ, সংশ্লিষ্ট শিক্ষক জনগণনার কাজে ব্যস্ত থাকাকালীন ছাত্রছাত্রীদের নিয়মিত ক্লাসও হয়নি। বিদ্যালয়ের শিক্ষক সংকটের বিষয়টি একাধিকবার বিদ্যালয় পরিদর্শক ও জেলা শিক্ষা আধিকারিকের নজরে আনা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে দাবি করা হয়েছে।

SFI-এর খোয়াই বিভাগীয় কমিটির বক্তব্য, লালছড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয় খোয়াই শহরের অন্যতম পুরনো ও পরিচিত শিক্ষাপ্রতিষ্ঠান। সেই বিদ্যালয়ের প্রাতঃ বিভাগে যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে এলাকার অন্যান্য বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে। সংগঠনের মতে, পর্যাপ্ত শিক্ষক ছাড়া পড়ুয়াদের সঠিকভাবে শিক্ষা প্রদান করা কঠিন এবং এর প্রভাব পড়তে পারে তাদের শিক্ষার মানের উপর।

এদিন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন SFI-এর খোয়াই বিভাগীয় সম্পাদক সাগর পাল, সভানেত্রী সায়ন্তিকা দেব, বিভাগীয় সম্পাদকমণ্ডলীর সদস্য সৌরভ শীল-সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এখন দেখার, বিদ্যালয়ের দীর্ঘদিনের শিক্ষক সংকট নিরসনে শিক্ষা দপ্তর কত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এবং পড়ুয়াদের স্বাভাবিক পঠনপাঠন নিশ্চিত করতে কী ব্যবস্থা নেওয়া হয়।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment