---Advertisement---

শিক্ষকতায় ফিরেও রাজনীতিতে সক্রিয় রেবতী ত্রিপুরা, জল্পনার অবসান ঘটালেন নিজেই!

By Suman Debnath

August 4, 2026 12:42 AM

---Advertisement---

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফিরে আসার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে যে জল্পনা তৈরি হয়েছিল, তার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াননি। শিক্ষকতার পাশাপাশি তিনি দলীয় দায়িত্বও সমানভাবে পালন করবেন বলে জানিয়েছেন।

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেবতী ত্রিপুরা বলেন, মহাত্মা গান্ধী মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান। তাই সেখানে কর্মরত শিক্ষকদের ক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের মতো সব ধরনের বিধিনিষেধ প্রযোজ্য নয়। ফলে শিক্ষকতার পাশাপাশি রাজনীতির সঙ্গে যুক্ত থাকতেও কোনও বাধা নেই।

তিনি জানান, ২০১৯ সালে সাংসদ নির্বাচিত হওয়ার পর তিনি শিক্ষকতার দায়িত্ব থেকে ছুটিতে চলে গিয়েছিলেন। বর্তমানে রাজনৈতিক ও সাংগঠনিক ব্যস্ততা তুলনামূলকভাবে কম থাকায় এবং বিদ্যালয়ে শিক্ষকের অভাব দেখা দেওয়ায় ছাত্রছাত্রীদের স্বার্থে তিনি আবার শিক্ষকতায় ফিরে এসেছেন।

আরও পড়ুন:  কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের স্বাস্থ্যকর বৃহত্তর হগ ব্যাজার জনসংখ্যা

রেবতী ত্রিপুরা আরও বলেন, ভবিষ্যতে দল তাঁকে যে দায়িত্ব দেবে, শিক্ষকতার পাশাপাশি সেই দায়িত্বও তিনি পালন করবেন। তাঁকে নিয়ে অযথা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তাঁর দাবি, তিনি বিজেপি ছাড়েননি এবং ভবিষ্যতেও দলের সঙ্গেই থাকবেন।

তিনি আরও বলেন, ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে জড়িত। তাঁর বাবা এবং দাদুও দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৪ সালে তিনি বিজেপিতে যোগ দেন এবং ২০১৯ সালে সাংসদ নির্বাচিত হওয়ার পর শিক্ষকতা থেকে বিরতি নিয়েছিলেন।

উল্লেখ্য, রবিবার রেবতী ত্রিপুরার শিক্ষকতায় ফিরে আসার খবর প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়। বর্তমানে তিনি বিজেপির কোর কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। আগামী দিনে ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে শিক্ষকতা ও রাজনীতির মধ্যে কীভাবে ভারসাম্য বজায় রাখবেন, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:  দীর্ঘ ১৫ দিন যাবৎ তালাবন্দী অবস্থায় রয়েছে পিতরাই পাড়া উপস্বাস্থ্য কেন্দ্র।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment