সোনামুড়া, ১ আগস্ট: সোনামুড়া বিদ্যুৎ দপ্তরকে ঘিরে সাধারণ গ্রাহকদের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে। অভিযোগ, প্রি-পেইড বিদ্যুৎ মিটারে অস্বাভাবিক হারে চার্জ কেটে নেওয়া হচ্ছে, যার ফলে সাধারণ মানুষকে অতিরিক্ত আর্থিক বোঝার মুখে পড়তে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক গ্রাহকের রসিদে দেখা যায় যে, ২ হাজার টাকা রিচার্জ করার পর তাঁর মিটারে মাত্র ৩২ দশমিক ৭ ইউনিট বিদ্যুৎ যোগ হয়েছে। সেই হিসাব অনুযায়ী প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য দাঁড়ায় প্রায় ৬২ টাকা। বিষয়টি সামনে আসতেই বিদ্যুৎ দপ্তরের বিলিং পদ্ধতি নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
গ্রাহকদের অভিযোগ, যেসব পরিবারের মাসিক বিদ্যুৎ বিল আগে ২০০ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকত, তাঁদের অনেকেরই এবার প্রায় ২ হাজার টাকার বিল এসেছে। এত বড় অঙ্কের বিল বৃদ্ধির কারণ জানতে প্রতিদিনই বিদ্যুৎ দপ্তরে ভিড় করছেন সাধারণ মানুষ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রি-পেইড মিটারের ক্ষেত্রে ঠিক কীভাবে টাকা কাটা হচ্ছে, সে বিষয়ে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হোক। পাশাপাশি, অতিরিক্ত অর্থ কেটে নেওয়া হয়ে থাকলে তা দ্রুত ফেরত দেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন সাধারণ গ্রাহকেরা।
Leave a Comment