---Advertisement---

WATCH: ভিয়েতনামে ভয়ঙ্কর কাণ্ড: সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটকদের স্পিডবোট, মৃত অন্তত ১৫

By Suman Debnath

July 11, 2026 4:15 PM

WATCH: ভিয়েতনামে ভয়ঙ্কর কাণ্ড: সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটকদের স্পিডবোট, মৃত অন্তত ১৫

---Advertisement---





ভিয়েতনামের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ফু কুওক (Phu Quoc) দ্বীপের কাছেই এক ভয়াবহ নৌকাডুবির ঘটনায় বিপন্ন ভারতীয়রা। জানা যাচ্ছে, ভারতীয় পর্যটকবোঝাই একটি স্পিডবোট (speedboat) উত্তাল সমুদ্রে উল্টে যাওয়ায় প্রাণ হারিয়েছেন একাধিক যাত্রী। যাঁদের মধ্যে অগুনতি ভারতীয় পর্যটকও রয়েছেন বলে জানা যাচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, মৃতের সংখ্যা কমপক্ষে ১৫। যদিও চূড়ান্ত হিসেব এখনও প্রকাশ করেনি ভিয়েতনাম প্রশাসন। দুর্ঘটনার খবর পাওয়ামাত্র যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়েছে হ্যানয়ের ভারতীয় দূতাবাসে। খোলা হয়েছে জরুরি কন্ট্রোল রুম (control room) এবং হেল্পলাইন নম্বরও প্রকাশ করা হয়েছে।

ঠিক কী ঘটেছিল?

স্থানীয় সময় অনুযায়ী শনিবার দুপুর নাগাদ ওশন পিয়ার আইল্যান্ড কোম্পানি (Ocean Pearl Island Company) পরিচালিত একটি স্পিডবোট হন মে রুট (Hon May Rut) এলাকা থেকে পর্যটকদের নিয়ে রওনা দিয়েছিল অ্যান থোই বন্দরের (An Thoi Port) দিকে। ফু কুওক বিমানবন্দর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে, হন মে রুট এনগোয়াই (Hon May Rut Ngoai) নামে একটি জায়গায় আচমকা উল্টে যায় স্পিডবোটটি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নৌকায় থাকা সমস্ত যাত্রীই সমুদ্রে ছিটকে পড়েন। দুর্ঘটনার সঠিক কারণ এবং নৌকায় ঠিক কতজন যাত্রী ছিলেন, তার বিশদ তথ্য এখনও স্পষ্ট হয়নি।

দুর্ঘটনার পর কী বলল ভারতীয় দূতাবাস?

আরও পড়ুন:  ট্রাম্পের হুঁশিয়ারির পরই ইরানে মার্কিন হামলা, তেহরানের পালটা বার্তা— ‘কড়া জবাবের জন্য প্রস্তুত থাকুন’

হ্যানয়ের ভারতীয় দূতাবাসের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ভিয়েতনামের ফু কুওক দ্বীপের কাছে একটি দুঃখজনক ঘটনায় একাধিক ভারতীয় পর্যটক-সহ একটি স্পিডবোট উল্টে যায়। স্থানীয় প্রশাসনের তরফে উদ্ধার অভিযান (search and rescue operation) চলছে বলেও জানিয়েছে দূতাবাস। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য করতে হো চি মিন সিটিতে অবস্থিত ভারতীয় কনস্যুলেট জেনারেলে (Consulate General) খোলা হয়েছে একটি কন্ট্রোল রুম। পাশাপাশি হ্যানয়েও একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। দুর্ঘটনা সংক্রান্ত যে কোনও তথ্য বা সহায়তার জন্য যোগাযোগ করা যেতে পারে এই নম্বরগুলিতে, +৮৪৩৬২৮১৭৯৩০, +৮৪৯১৫৫২৩৭১৪, +৮৪৩৩৪৫২০৪১৪ এবং হ্যানয়ের জন্য +৮৪৯১৩০৮৯১৬৫।

উদ্ধারকাজে প্রতিবন্ধকতা

দুর্ঘটনাস্থলের কাছ দিয়ে যাওয়া অন্য পর্যটকবোঝাই নৌকাগুলি উল্টে যাওয়া বোটটি দেখেই সাহায্যে ছুটে আসে। উদ্ধারকাজে যুক্ত এক নৌকা-মালিকের দাবি, ঘটনাস্থলে পৌঁছতে তাঁদের সময় লেগেছিল মাত্র পাঁচ মিনিটের মতো। তবে বহু পর্যটক উল্টে যাওয়া নৌকার ভিতরেই আটকে পড়ায় উদ্ধার প্রক্রিয়ায় বড় বাধার সৃষ্টি হয়। সেই কারণে জীবিত অবস্থায় সকলকে বাইরে বার করে আনা সম্ভব হয়নি। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় অ্যান থোই এলাকার সমুদ্র মোটামুটি উত্তাল থাকলেও নৌকা উল্টানোর মুহূর্তে বৃষ্টি হচ্ছিল না। সেই সময় জলপথে পর্যটকবোঝাই আরও একাধিক নৌকাও চলাচল করছিল।

আরও পড়ুন:  পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা, এক লাফে ৬ শতাংশের বেশি বাড়ল অপরিশোধিত তেলের দাম

ফু কুওকে পর্যটনের রমরমা

দক্ষিণ ভিয়েতনামের আন গিয়াং প্রদেশের অদূরে অবস্থিত ফু কুওক দেশের বৃহত্তম দ্বীপ, যা সাম্প্রতিক কালে ভারতীয় পর্যটকদের কাছেও ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে, মূলত ভিসা-মুক্ত (visa-free) প্রবেশের সুবিধার কারণে। পর্যটন দফতরের একটি রিপোর্ট অনুযায়ী চলতি বছরের প্রথম ৬ মাসে ফু কুওকে পর্যটক এসেছেন প্রায় ৫৭ লক্ষ, যা গত বছরের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি। এর মধ্যে বিদেশি পর্যটকের সংখ্যাই ১৩ লক্ষ ২০ হাজারের বেশি, যা আগের বছরের তুলনায় ৫০ শতাংশ বেশি। কলকাতা-সহ পূর্ব ভারতের ভ্রমণপিপাসুদের মধ্যেও ভিয়েতনামের এই দ্বীপ সাম্প্রতিক সময়ে জনপ্রিয় গন্তব্য হয়ে উঠছিল। ফলে এই দুর্ঘটনার খবর পর্যটনশিল্প যথেষ্ট উদ্বিগ্ন।



---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment