আমেরিকায় মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘প্রতিশ্রুতি পূরণে’-র খতিয়ান প্রকাশ করল হোয়াইট হাউস। মোট ১২৭টি প্রতিশ্রুতি পূরণের দাবি করে প্রকাশিত তালিকায় জায়গা পেয়েছে ভারত-আমেরিকা অন্তর্বর্তী বাণিজ্য সমঝোতা এবং ভারত-পাকিস্তান সংঘাত থামানোর প্রসঙ্গও। শুল্ককে দর কষাকষির হাতিয়ার করে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সমঝোতাকে নিজেদের সাফল্য বলে তুলে ধরেছে মার্কিন প্রশাসন।
নির্বাচনী প্রচারের সময় থেকেই শুল্ককে হাতিয়ার করে আমেরিকার শিল্প ও শ্রমিকদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তাঁর দাবি ছিল, বিভিন্ন দেশের সঙ্গে অসম বাণিজ্যচুক্তির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা। ক্ষমতায় এলে সেই পরিস্থিতি বদলাবেন তিনি। হোয়াইট হাউসের প্রকাশিত তালিকায় বলা হয়েছে, শুল্ককে দর কষাকষির মাধ্যম হিসেবে ব্যবহার করেই আমেরিকার প্রধান বাণিজ্যসঙ্গীদের সঙ্গে নতুন বাণিজ্য সমঝোতা করেছেন ট্রাম্প।
সেই তালিকায় রয়েছে ব্রিটেন, ইওরোপীয় ইউনিয়ন, জাপান, চিন, ভারত, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপিনস এবং কম্বোডিয়া। ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি অবশ্য এখনও সম্পূর্ণ হয়নি। ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর থেকেই এই বিষয়ে দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা শুরু হয়। দফায় দফায় আলোচনার পর গত ফেব্রুয়ারিতে দু’দেশের মধ্যে অন্তর্বর্তী বাণিজ্য সমঝোতা হয়। তার আগে ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিল ট্রাম্প প্রশাসন।
রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের উপর আরও ২৫ শতাংশ ‘শাস্তিমূলক শুল্ক’ আরোপ করা হয়েছিল। অন্তর্বর্তী সমঝোতার পর সেই অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় আমেরিকা। এর পাশাপাশি ভারতীয় পণ্যের উপর শুল্কের হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করার কথা ঘোষণা করে। হোয়াইট হাউসের দাবি, শুল্কের মাধ্যমে দর কষাকষি করেই এই সমঝোতায় পৌঁছেছে আমেরিকা। যদিও ট্রাম্পের শুল্কনীতি নিয়ে আন্তর্জাতিক মহলে, বিশেষত ব্রিক্স জোটের সদস্য দেশগুলির মধ্যে সমালোচনা হয়েছে।
আরও পড়ুন: ওমান উপকূলে ভারতীয় পণ্যবাহী জাহাজে হামলা, মৃত্যু ১ ভারতীয় নাবিকের
বাণিজ্যের পাশাপাশি সংঘাত থামিয়ে শান্তি ফেরানোর কৃতিত্বও নিজের বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের তালিকায় বলা হয়েছে, বিশ্বের আটটি সংঘাতের অবসান ঘটিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার মধ্যে রয়েছে ভারত-পাকিস্তান সংঘাত এবং ইজরায়েল-ইরান পরিস্থিতি। উল্লেখ্য, ভারত-পাকিস্তান সংঘর্ষ থামানোর ক্ষেত্রে মধ্যস্থতার দাবি বার বার করেছেন ট্রাম্প। কিন্তু নয়াদিল্লি সেই দাবি প্রত্যাখ্যান করেছে। ভারতের বক্তব্য, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করার ক্ষেত্রে কোনও তৃতীয় দেশের ভূমিকা ছিল না।
Leave a Comment