মুক্তির আগেই বক্স অফিসে নজির গড়ার ইঙ্গিত শাহরুখ খানের আগামী ছবি ‘কিং’-এর। প্রেক্ষাগৃহে আসার আগেই ছবির প্রি-রিলিজ ব্যবসার অঙ্ক পৌঁছে গিয়েছে ৬৬৫ কোটি টাকায়। বিভিন্ন স্বত্ব বিক্রি করেই এই বিপুল অঙ্কের আয় হয়েছে বলে দাবি। তবে এত বড় ব্যবসার পরেও ছবির সামনে রয়েছে কঠিন পরীক্ষা। কারণ, ছবির বাজেটও একলাফে অনেকটা বেড়েছে।
শাহরুখ খানের ছবি ঘিরে দর্শকের প্রত্যাশা বরাবরই তুঙ্গে থাকে। ‘কিং’-এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ২৪ ডিসেম্বর, ২০২৬। বড়দিনের ছুটিতে প্রেক্ষাগৃহে আসবে ছবিটি। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রচার। গত ২ নভেম্বর নিজের জন্মদিনে ছবির প্রথম গান প্রকাশ্যে এনেছেন শাহরুখ।
কীভাবে ৬৬৫ কোটি টাকার ব্যবসা?
সিনেমা সংক্রান্ত ওয়েবসাইট স্যাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী, ছবির দেশীয় প্রেক্ষাগৃহে মুক্তির স্বত্ব ২৫০ কোটি টাকায় কিনেছে পেন মারুধর। বিদেশে পরিবেশনার স্বত্ব বিক্রি হয়েছে ১৭৫ কোটি টাকার ন্যূনতম গ্যারান্টিতে। এই দুই চুক্তি থেকেই এসেছে ৪২৫ কোটি টাকা।
এ ছাড়া ওটিটি স্বত্ব ১৫০ কোটি টাকায় কিনেছে নেটফ্লিক্স। স্যাটেলাইট স্বত্ব থেকে এসেছে ২৫ কোটি টাকা। অন্যদিকে, ছবির গানের স্বত্ব বিক্রি হয়েছে ৬৫ কোটি টাকায়। সব মিলিয়ে মুক্তির আগেই ব্যবসার অঙ্ক ৬৬৫ কোটি টাকা।
তবে নেটফ্লিক্সের সঙ্গে চুক্তিতে একটি শর্ত রয়েছে। প্রেক্ষাগৃহে ছবির ব্যবসার উপর নির্ভর করে ডিজিটাল স্বত্বের চূড়ান্ত অঙ্কে পরিবর্তন হতে পারে বলে দাবি প্রতিবেদনে।
বাজেট নিয়ে বাড়ছে চাপ
প্রথমে ‘কিং’-এর বাজেট ধরা হয়েছিল প্রায় ২০০ কোটি টাকা। পরে তা বেড়ে ৪০০ কোটি টাকায় পৌঁছেছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। এই হিসাবের মধ্যে শাহরুখের পারিশ্রমিক ধরা হয়নি। তাঁর আনুমানিক পারিশ্রমিক যোগ করলে ছবির মোট খরচ ৫০০ কোটি টাকা ছাড়াতে পারে। এর সঙ্গে প্রচার ও মুক্তির খরচও যুক্ত হবে।
আবার একসঙ্গে শাহরুখ-সিদ্ধার্থ
‘পাঠান’-এর পর ফের সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড় পর্দায় ফিরছেন শাহরুখ। এই ছবির অন্যতম আকর্ষণ, প্রথমবার বড় পর্দায় বাবা শাহরুখের সঙ্গে অভিনয় করবেন সুহানা খান। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায় এবং অভিষেক বচ্চনও।
মুক্তির আগেই ৬৬৫ কোটি টাকার ব্যবসা ‘কিং’-কে ঘিরে প্রত্যাশা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তবে বিপুল বাজেটের ছবিটির আসল পরীক্ষা প্রেক্ষাগৃহেই। দর্শকের মন জয় করে বক্স অফিসে কতটা সাফল্য পায় শাহরুখের এই ছবি, এখন সেটাই দেখার।
Leave a Comment