ভারত ও আমেরিকার বহু প্রতীক্ষিত অন্তর্বর্তীকালীন বাণিজ্যচুক্তি চূড়ান্ত হওয়ার পথে। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় আসিয়ান ও কোয়াড বিদেশমন্ত্রী সম্মেলনের ফাঁকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর বৈঠকের পর ওয়াশিংটন জানিয়েছে, চুক্তির খুঁটিনাটি প্রায় চূড়ান্ত। মার্কো রুবিও বছরের শেষ নাগাদ ভারত সফরে আসতে পারেন বলে বুধবার মার্কিন কর্তারা জানিয়েছেন। এর আগে ম্যানিলায় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকার শীর্ষ কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করেন।
আলাপচারিতার পর জয়শঙ্কর এক্সে পোস্ট করে বলেছেন, ‘ম্যানিলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি রুবিওর সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত। আমাদের বৈঠকে ভারত-আমেরিকা কৌশলগত অংশীদারিত্বের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যেমন, বাণিজ্য ও শুল্ক, জ্বালানি, প্রতিরক্ষা ও নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর আলোকপাত করা হয়েছে।’ পশ্চিম এশিয়া ও ইউক্রেনের যুদ্ধের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট আঞ্চলিক, বৈশ্বিক ও বহুপাক্ষিক বিষয়গুলো নিয়েও মতবিনিময় করেছি।’
বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, বৈঠকে একাধিক কৌশলগত বিষয়ে আলোচনার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন দুই নেতা। জয়শঙ্করের পাশাপাশি রুবিও জানান, আঞ্চলিক নিরাপত্তা, কোয়াড, বাণিজ্য এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়েই মূলত আলোচনা হয়েছে। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র টমি পিগট জানান, গত বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তির পাশাপাশি অন্তর্বর্তীকালীন বাণিজ্যচুক্তি দ্রুত চূড়ান্ত করার বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে। তাঁর দাবি, চুক্তিটি এখন প্রায় সম্পন্ন।
এদিকে, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর বলেন, ‘আসিয়ানের পার্শ্ব বৈঠকে সেক্রেটারি রুবিও এবং এস জয়শঙ্করের মধ্যে একটি অত্যন্ত ফলপ্রসূ দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে।’ তাঁর ইঙ্গিত, চলতি বছরের শেষ দিকে মার্কো রুবিও ভারত সফরে আসতে পারেন। যদিও সফরের নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি।
Leave a Comment