তৃণমূলের নাম এবং জোড়াফুল প্রতীক কার দখলে থাকবে তা নিয়ে এখনও চলছে আইনি লড়াই। যদিও দু’পক্ষই অর্থাৎ ঋত এবং কালীঘাট তৃণমূল, নিজেদের স্বপক্ষে নথি নির্বাচন কমিশনে জমা দিয়েছে। এবার শুনানির পালা। আগামী ২৭ নভেম্বর অর্থাৎ শুক্রবার তৃণমূলের দু’পক্ষকেই এবার দিল্লিতে ডেকে পাঠালো কমিশন। ওইদিন দুপুর চারটের সময় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে ঋতব্রত তৃণমূল এবং কালীঘাট তৃণমূলের যে কোনও নেতৃত্ব কিংবা আইনজীবীরাও শুনানিতে উপস্থিত থাকতে পারবেন বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। প্রশ্ন উঠছে, শুক্রবারই কি তাহলে চূড়ান্ত হয়ে যাবে প্রতীক এবং নাম কার হাতে থাকবে?
রাজ্যে পালাবদলের পর তৃণমূল ভেঙে খান-খান। একদিকে মমতা তৃণমূল এবং অন্যদিকে গণতান্ত্রিক তৃণমূল অর্থাৎ ঋতব্রত তৃণমূল। ফলে দলের প্রতীক এবং নামের দাবিদার বর্তমানে দু’জনই। যদিও পুরো প্রক্রিয়া সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশনে ঝুলে। এর আগে দুপক্ষকেই জাতীয় নির্বাচন কমিশনে যৌথ নোটিস পাঠিয়েছিল। যদিও সেখানে জানানো হয়, সুপ্রিম কোর্টের নির্দেশে শুনানি স্থগিত রাখা হয়েছে। এমনকী নথি জমা দেওয়ার কথা বলা হয়েছে। সেই মতো গণতান্ত্রিক তৃণমূল গত ৫ নভেম্বর একাধিক নথি জমা দেয়। কালীঘাট তৃণমূল নথি জমা দেয় ১৫ নভেম্বর।
যদিও নথি জমা দেওয়া নিয়ে রীতিমতো পুলিশের দ্বারস্থ হয় তৃণমূলের দু’পক্ষই। প্রথমে কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে নথি চুরির অভিযোগ তোলে ঋত তৃণমূল। পালটা কয়েকদিন আগে ভুয়ো নথি কমিশনে জমা দেওয়ার অভিযোগে কালীঘাট পুলিশের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল।
Leave a Comment