ট্রেনের কয়েক ঘণ্টার বিলম্বে মিস হয়ে যায় বিমানের ফ্লাইট। এতে নতুন করে বিমানের টিকিট কেনা, হোটেলে থাকা ও বাড়তি যাতায়াত খরচের মুখে পড়তে হয় এক দম্পতিকে। শেষ পর্যন্ত তাদের সেই আর্থিক ক্ষতির দায় নিতে হয়েছে ভারতীয় রেলকে। ভোক্তা আদালতের নির্দেশে জম্মুর ওই দম্পতিকে ৬৩ হাজার ১৯৯ টাকা ক্ষতিপূরণ দিতে হচ্ছে রেল কর্তৃপক্ষকে। ভারতের জম্মু জেলা ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন এ নির্দেশ দিয়েছেন।
গত ৪ নভেম্বর কমিশনের সভাপতি পবন দেব কোটওয়াল ও সদস্য নীলম বালা ভরদ্বাজ এ আদেশ দেন। রেল কর্তৃপক্ষের পরিষেবায় ঘাটতি ছিল বলে পর্যবেক্ষণে উল্লেখ করেছে কমিশন।
অভিযোগ অনুযায়ী, মোহিত সিং ভাউ ও তার স্ত্রী দামিনী বিলোরিয়া ২০২২ সালের ১৯ ডিসেম্বর জম্মু থেকে দিল্লিগামী দুরন্ত এক্সপ্রেসে যাত্রা করেন। পরদিন ভোর ৩টা ৫৫ মিনিটে ট্রেনটির দিল্লি পৌঁছানোর কথা ছিল। কিন্তু প্রায় চার ঘণ্টা দেরিতে সকাল ৭টা ৫০ মিনিটে গন্তব্যে পৌঁছায় ট্রেনটি।
এদিকে দিল্লি থেকে গুয়াহাটিগামী ওই দম্পতির বিমানের ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময় ছিল সকাল ৭টা ১৫ মিনিট। ফলে ট্রেন পৌঁছানোর আগেই তাদের ফ্লাইট ছেড়ে যায়। বাধ্য হয়ে নতুন করে বিমানের টিকিট কিনতে হয় তাদের। পাশাপাশি দিল্লিতে হোটেলে থাকার জন্যও অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়।
দম্পতির দাবি, নতুন বিমানের টিকিট কিনতে তাদের ৩৫ হাজার ৬৯৯ টাকা এবং হোটেল ভাড়া বাবদ ২ হাজার ৫০০ টাকাখরচ হয়। সব মিলিয়ে অতিরিক্ত ব্যয়ের পরিমাণ দাঁড়ায় ৩৮ হাজার ১৯৯ টাকা। এ ঘটনায় আর্থিক ক্ষতিপূরণ, মানসিক যন্ত্রণা ও মামলা পরিচালনার খরচসহ মোট ১ লাখ ৪০ হাজার টাকা দাবি করে ভোক্তা আদালতের দ্বারস্থ হন তারা।
অন্যদিকে, আত্মপক্ষ সমর্থনে নর্দার্ন রেলওয়ে জানায়, ঘন কুয়াশার কারণে ট্রেন চলাচলে বিলম্ব হয়েছিল। এ জন্য দায় এড়াতে রেল কর্তৃপক্ষ ভারতীয় রেলওয়ে কনফারেন্স অ্যাসোসিয়েশনের কোচিং ট্যারিফের ১১৫ নম্বর ধারার উল্লেখ করে।
তবে রেল কর্তৃপক্ষের এ যুক্তিতে সন্তুষ্ট হয়নি কমিশন। তাদের পর্যবেক্ষণ, ট্রেনের বিলম্ব রেল কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে ছিল-এমন দাবির পক্ষে কোনো যথাযথ প্রমাণ বা সাক্ষ্য উপস্থাপন করা হয়নি। এমনকি নির্ধারিত সময়ে লিখিত জবাবও দাখিল করেনি রেল। শুধু কুয়াশার অজুহাত দেখিয়ে দায় এড়ানোর সুযোগ নেই বলে মনে করেছে কমিশন।
সব দিক বিবেচনা করে কমিশন রেল কর্তৃপক্ষকে নতুন বিমানের টিকিট ও হোটেল ভাড়া বাবদ ব্যয় হওয়া ৩৮ হাজার ১৯৯ টাকা বার্ষিক ৭ দশমিক ৫ শতাংশ সুদসহ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি মানসিক যন্ত্রণা ও ভোগান্তির জন্য ২০ হাজার টাকা এবং মামলা পরিচালনার খরচ বাবদ আরও ৫ হাজার টাকা দিতে বলা হয়েছে।
সূত্র: এনডিটিভি
Leave a Comment