পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম দ্রুত গতিতে বাড়ছে। পাকিস্তানে পেট্রল-ডিজেলের খরচ বৃদ্ধির পাশাপাশি গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিয়েও চাপ তৈরি হয়েছে। এর ফলে সরকারি ব্যয় ও জ্বালানি ব্যবহারে ফের কড়াকড়ি আরোপ করল পাকিস্তান। চবতি বছরে দ্বিতীয়বারের মতো সরকারি গাড়িতে জ্বালানি বরাদ্দ ৫০ শতাংশ কমানো হল। আগামী ৩ মাস এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
পাকিস্তান সরকারের ক্যাবিনেট ডিভিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন গাড়ি কেনা ও অধিকাংশ সরকারি বিদেশ সফরও তিন মাসের জন্য বন্ধ থাকবে। সরকারি অর্থায়নে আয়োজিত নৈশভোজও নিষিদ্ধ করা হয়েছে। তবে বিদেশি প্রতিনিধিদলের সম্মানে আয়োজিত অনুষ্ঠান এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এছাড়া বাজার রাত ৯টার মধ্যে বন্ধ করতে হবে। বিয়ের অনুষ্ঠানস্থল রাত ১০টা এবং রেস্তোরাঁ রাত ১১টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে ফার্মেসি ও চিকিৎসা পরীক্ষাগার এই সময়সীমার আওতায় থাকবে না।
সরকারি গাড়ির জ্বালানি বরাদ্দ কমানোর ক্ষেত্রে সামরিক বাহিনী, সিভিল আর্মড ফোর্সেস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জরুরি পরিষেবায় ব্যবহৃত গাড়িগুলিকে ছাড় দেওয়া হয়েছে। প্রশাসনিক ও অপারেশনাল যানবাহন এই ছাড় পাবে না। সরকারি চলতি অর্থবছরের বাজেটও ৫ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছে। আইনি-সংক্রান্ত প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়া টেকসই পণ্য কেনাকাটা বন্ধ থাকবে। এর পাশাপাশি সম্ভব হলে বৈঠক সরাসরি আয়োজনের বদলে ভিডিও বা টেলিকনফারেন্সের মাধ্যমে করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিদেশ সফরের ক্ষেত্রেও বিধিনিষেধ জারি করা হয়েছে। তবে নির্দিষ্ট বৃত্তি, প্রশিক্ষণ কর্মসূচিও কিছু প্রাতিষ্ঠানিক কার্যক্রম এর বাইরে থাকবে। জরুরি প্রয়োজনে বিদেশ সফর করতে হলে মন্ত্রী, উপদেষ্টা ও সরকারি কর্তাদের ইকোনমি ক্লাসে ভ্রমণ করতে হবে। এর পাশাপাশি জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে ছোট যানবাহনের মালিকদের জন্য প্রতি লিটারে ১০০ পাকিস্তানি রূপি ভর্তুকি চালু করেছে সরকার। মোটরসাইকেল, রিকশা এবং ৮০০ সিসি পর্যন্ত ইঞ্জিনের গাড়ি এই সুবিধা পাবে। তবে মাসিক ব্যবহারের সীমা নির্ধারিত রয়েছে।
আরও পড়ুন: আচমকা স্ট্রোক জিনপিং-এর! শুরু জল্পনা, বিশ্বজুড়ে তোলপাড়
চলতি বছরের মার্চেও পাক্সিতান একই ধরনের জ্বালানি সাশ্রয়ী পদক্ষেপ নিয়েছিল। সে সময় দুই সপ্তাহ স্কুল বন্ধ রাখা, সরকারি খাতে জ্বালানি ব্যবহার কমানো এবং কর্মীদের বাড়ি থেকে কাজের সুযোগ বাড়ানোর মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
Leave a Comment