---Advertisement---

সিয়াটেল খাদ্য উৎসবে চলল এলোপাথাড়ি গুলি, হামলায় মৃত ২, আহত বহু

By Suman Debnath

July 27, 2026 12:10 PM

সিয়াটেল খাদ্য উৎসবে চলল এলোপাথাড়ি গুলি, হামলায় মৃত ২, আহত বহু

---Advertisement---


ফের আমেরিকায় চলল এলোপাথাড়ি গুলি। ওয়াশিংটনের সিয়াটল শহরে বাইট অব সিয়াটেল খাদ্য উৎসবের আয়োজন করা হয়েছিল। রবিবার সেখানে অনেক মানুষ ভিড় জমিয়েছিলেন। সেদিন সন্ধ্যায় সিয়াটেল সেন্টারের কাছে বন্দুকবাজরা হামলা চালায়। তারা ভিড়ের মধ্যে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। সেই হামলায় দু’জন নিহত হয়েছেন। সেই সঙ্গে দুই বছরের এক শিশু-সহ অন্তত ৪ জন আহত হয়েছেন। গুলি চালানোর ঘটনার পর সেখানে হুড়োহুড়িতে পদপিষ্টের মতো পরিস্থিতি সৃষ্টি হয় বলে পুলিশ জানিয়েছে। তবে পুলিশ দ্রুত গোটা এলাকা ঘিরে ফেলে।

পুলিশ সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় সিয়াটেল সেন্টারের ভিড়ের মধ্যে হঠাৎই গুলির শব্দ শোনা যায়। গুলির শব্দ শোনার পরেই সেই ফেস্টিভ্যালে উপস্থিত হাজার হাজার মানুষ দিকবিদিকশূন্য হয়ে এদিক-ওদিক ছুটতে শুরু করে। সিয়াটেল ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ঘটনাস্থলেই দুজনকে মৃত ঘোষণা করা হয়। আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ২ বছরের একটি শিশুও রয়েছে।

আরও পড়ুন:  লিন্ডসে গ্রাহামের মৃত্যু ঘিরে জল্পনা, ষড়যন্ত্রের দাবি নিয়ে বিতর্ক

পুলিশ সূত্রের খবর, এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। কে বা কারা হামলা চালাল, সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। এর পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তির পরিচয় সম্পর্কেও পুলিশ কোনও তথ্য প্রকাশ করেনি। তবে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনার পর এক্স হ্যান্ডলে সিয়াটেল পুলিশের তরফে জানানো হয়েছে, একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সেই সঙ্গে সাধারণ মানুষকে সিয়াটেল সেন্টার এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, প্রত্যক্ষদর্শীরা টানা সাত থেকে আটটি গুলির শব্দ শুনতে পান। হামলার জায়গাটি সিয়াটেলের অন্যতম পরিচিত স্পেস নিডল থেকে কিছুটা দূরে। প্রতি বছর বাইট অব সিয়াটল উৎসব অনুষ্ঠিত হয়। সেই উৎসবে স্থানীয় খাবারের স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সঙ্গীত পরিবেশনার আয়োজন করা হয়। এই উৎসবে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়।

আরও পড়ুন:  রুশ তেল কেনায় কড়া বার্তা! ভারতের উপর ১০০% শুল্কের প্রস্তাব, মার্কিন সেনেটে নতুন বিল

আরও পড়ুন: বার্লিনের প্রাইড শোভাযাত্রায় হামলা, নিহত ১, আহত কমপক্ষে ১৬  

হারবারভিউ মেডিক্যাল সেন্টার জানিয়েছে, হাসপাতালে ভর্তি চারজনই গুলিবিদ্ধ। তাঁদের মধ্যে একজন মহিলার অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরেই সিয়াটেল সেন্টার মনোরেল কর্তৃপক্ষ দিনের বাকি সময়ের জন্য পরিষেবা বন্ধ ঘোষণা করে। সোমবার সকাল থেকে পুনরায় পরিষেবা চালু হওয়ার কথা জানানো হয়েছে। উল্লেখ্য, সিয়াটেল সেন্টার শহরের অন্যতম গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল। যেখানে ক্লাইমেট প্লেজ অ্যারেনা ও স্পেস নিডল-এর মতো জনপ্রিয় স্থাপনা রয়েছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment