---Advertisement---

ইরানের বিমান চলাচলে রাশ টানতে আমেরিকার নতুন চাপ

By Suman Debnath

September 22, 2026 7:00 PM

ইরানের বিমান চলাচলে রাশ টানতে আমেরিকার নতুন চাপ

---Advertisement---


যুদ্ধের ময়দানের পাশাপাশি এবার আকাশপথেও ইরানকে চাপে ফেলতে চাইছে আমেরিকা। ইরানের বিমানসংস্থাগুলির আন্তর্জাতিক পরিষেবা কার্যত বন্ধ করে দিতে বিভিন্ন দেশকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইরানের কোনও বিমানকে অবতরণের অনুমতি দেওয়া, টিকিট বিক্রি করা বা জ্বালানি সরবরাহ করা হলে সংশ্লিষ্ট দেশ বা সংস্থার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আসতে পারে বলে জানানো হয়েছে।

আমেরিকার অর্থসচিব স্কট বেসেন্ট সংবাদমাধ্যম সিএনবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘সারা বিশ্বে ইরানের সমস্ত বিমান সংস্থা বন্ধ করে দেওয়া হবে।’ চলতি সপ্তাহ থেকেই এই ব্যবস্থা কার্যকর হতে পারে বলেও জানিয়েছেন তিনি। বেসেন্টের বক্তব্য, ইরানের বিমান নামতে দেওয়া যাবে না। তাদের টিকিট বিক্রি করা যাবে না। এমনকী জ্বালানি দেওয়ার সুযোগও রাখা যাবে না। তা করা না হলে ডলারে লেনদেনের ব্যবস্থা থেকে সংশ্লিষ্ট দেশ বা সংস্থাকে বাদ দেওয়া হতে পারে।

ইরানের বিমান চলাচল ব্যবস্থা এমনিতেই দীর্ঘদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞার চাপে রয়েছে। বিমান, যন্ত্রাংশ এবং রক্ষণাবেক্ষণের মতো পরিষেবার জন্য বিদেশের উপর নির্ভর করতে হয় ইরানের বিমানসংস্থাগুলিকে। ফলে নতুন মার্কিন চাপ কার্যকর হলে আন্তর্জাতিক উড়ান চালানো আরও কঠিন হয়ে পড়তে পারে।

ইতিমধ্যেই আমেরিকার হুঁশিয়ারির প্রভাব দেখা দিয়েছে। এক সংবাদসংস্থা খবর অনুযায়ী, ইরানের বিমানসংস্থাগুলির বিমান ওঠানামা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইরাক। জর্জিয়াও ইরানের বিমানসংস্থাগুলির প্রবেশ নিষিদ্ধ করেছে। ইরানের বিমানসংস্থা মাহান জানিয়েছে, তুরস্ক সরকারের অনুরোধে সে দেশে পরিষেবা স্থগিত রেখেছে তারা।

তবে আমেরিকার এই চাপের ক্ষেত্রে বড় প্রশ্ন চিনকে নিয়ে। ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগী চিন। এই সপ্তাহেই আমেরিকায় গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করার কথা চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। সেই বৈঠকে ইরান প্রসঙ্গ উঠতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু চিন মার্কিন নির্দেশ কতটা মানবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টার স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

এরই মধ্যে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও সেখানে যাচ্ছেন। বুধবার সাধারণ সভায় তাঁর বক্তৃতা করার কথা। পশ্চিম এশিয়ায় আমেরিকা-ইরান যুদ্ধ শুরুর পর এই প্রথম ইরানের শীর্ষ নেতৃত্বের কোনও গুরুত্বপূর্ণ প্রতিনিধি আমেরিকায় সফর করছেন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment