---Advertisement---

কলকাতার আবহাওয়া: ঘণ্টাখানেকের বৃষ্টিতেই জলমগ্ন শহরের একাধিক এলাকা, গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

By Suman Debnath

June 21, 2026 3:47 PM

কলকাতার আবহাওয়া: ঘণ্টাখানেকের বৃষ্টিতেই জলমগ্ন শহরের একাধিক এলাকা, গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

---Advertisement---


রবিবার দুপুরের আগেই বদলে গেল কলকাতার আবহাওয়া। মাত্র ঘণ্টাখানেকের ঝড়-বৃষ্টিতে শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। চাঁদনি চকে রাস্তার উপর বিশাল গাছ ভেঙে পড়ায় সেন্ট্রাল অ্যাভিনিউয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। একই সঙ্গে জল জমে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও পরীক্ষার্থীরা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনেই রবিবার সকাল থেকে কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ মেঘলা হয়ে ওঠে। সকাল ১১টা নাগাদ শুরু হয় ঝড়ো হাওয়া-সহ প্রবল বৃষ্টি। টানা বর্ষণের জেরে দ্রুত জল জমতে শুরু করে শহরের বিভিন্ন অংশে।

সবচেয়ে বেশি সমস্যার সৃষ্টি হয়েছে চাঁদনি চক এলাকায়। সেখানে একটি বড় গাছ ভেঙে পড়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের উপর। গাছটি বিদ্যুতের তারের উপর পড়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুরসভা ও সিইএসই-র কর্মীরা।

দক্ষিণ ও মধ্য কলকাতার একাধিক এলাকায় জল জমার খবর মিলেছে। পাটুলি, যাদবপুর, কসবা, শিয়ালদহ এবং কাঁকুরগাছির বেশ কিছু অংশে রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ে। যদিও দুপুরের দিকে কয়েকটি এলাকায় ধীরে ধীরে জল নামতে শুরু করেছে। তবে কলকাতার আবহাওয়া রিপোর্ট বলছে বৃষ্টি সবে শুরু…

কলকাতায় বৃষ্টির পর আরজি কর হাসপাতাল চত্বর। ছবি: সংগৃহীত।

বৃষ্টির প্রভাব পড়েছে স্বাস্থ্য পরিষেবাতেও। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভিতরে জল ঢুকে যাওয়ার খবর সামনে এসেছে। হাসপাতাল চত্বরে জল জমে রোগী ও পরিজনদের অসুবিধার মুখে পড়তে হয়েছে।

রবিবার শহরে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রেড রোডের অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় অবশ্য আবহাওয়া স্বাভাবিক ছিল। পরে বৃষ্টি শুরু হলে তার প্রভাব পড়ে শহরের বিভিন্ন এলাকায়।

আজই সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে নিট (NEET) প্রবেশিকা পরীক্ষা। দুপুর ২টো থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকায় ঝড়-বৃষ্টির কারণে বহু পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে অতিরিক্ত সমস্যার মুখোমুখি হতে হয়েছে। তবে রবিবার হওয়ায় অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সাধারণ দিনের মতো যানজট তৈরি হয়নি।

এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই চার জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আপাতত বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। কলকাতায় ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে পূর্বাভাস হিয়েছে হাওয়া অফিস (IMD)। এক ঘণ্টার বৃষ্টিই ফের মনে করিয়ে দিল, বর্ষার শুরুতেই কলকাতার জলনিকাশি ও নগর পরিকাঠামো এখনও বড় পরীক্ষার মুখে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment