বংশের মধ্যেই বিয়ে, নীল হয়ে গেল ত্বক!

By Suman Debnath

November 25, 2026 6:05 PM


এক পরিবারের মধ্যে প্রজন্মের পর প্রজন্ম বিয়ে। আর তার জেরেই এক সময় একই বংশের বহু মানুষের শরীরের রং হয়ে উঠেছিল নীল! অবিশ্বাস্য মনে হলেও এমনই ঘটনা ঘটেছিল আমেরিকার কেন্টাকির দুর্গম পাহাড়ি অঞ্চলে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

‘ব্লু পিপল অব কেন্টাকি’ নামে পরিচিত হয়ে ওঠা ফুগেট পরিবারকে ঘিরে আজও চিকিৎসাবিজ্ঞানে কৌতূহল রয়েছে। আত্মীয়ের মধ্যে বিয়ের জেরে কী ভাবে একটি বিরল জিনগত অসুখ প্রজন্মের পর প্রজন্ম ছড়িয়ে পড়তে পারে, তার অন্যতম উল্লেখযোগ্য উদাহরণ এই পরিবার।

ঘটনার সূত্রপাত ১৮২০ সালে। ফ্রান্স থেকে আমেরিকায় আসেন মার্টিন ফুগেট। কেন্টাকির দুর্গম ট্রাবলসম ক্রিকে এলিজ়াবেথ স্মিথকে বিয়ে করে সংসার পাতেন তিনি। তাঁদের সাত সন্তানের মধ্যে চার জনের শরীরের ত্বক ছিল নীলচে। অদ্ভুত এই শারীরিক বৈশিষ্ট্য দেখে পরিবারে উদ্বেগ তৈরি হলেও সন্তানদের অনেকেই মোটের উপর স্বাভাবিক জীবনযাপন করতেন।

আরও পড়ুন:  কেন্দ্রের চাপে ইনস্টাগ্রামে বদল! আপত্তিকর কনটেন্টে লাগাম মেটার

সমস্যার বড় কারণ ছিল ওই অঞ্চলের ভৌগোলিক বিচ্ছিন্নতা। বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ ছিল অত্যন্ত কম। ফলে স্থানীয় কয়েকটি পরিবারের মধ্যেই বিয়ে হতে থাকে। আত্মীয়ের মধ্যে বিয়ের প্রবণতা বাড়ার সঙ্গে সঙ্গে ফুগেট পরিবারের জিনগত বৈশিষ্ট্যও প্রজন্মের পর প্রজন্ম ছড়িয়ে পড়ে।

ষাটের দশকে বিষয়টি চিকিৎসাবিজ্ঞানের নজরে আসে। হেমাটোলজিস্ট ম্যাডিসন কেইভিন এবং নার্স রুথ পেন্ডারগ্রাস নীলচে ত্বকের দুই ভাই-বোন ব়্যাচেল ও প্যাট্রিক রিচির পরীক্ষা করেন। জানা যায়, তাঁদের শরীরে মেথেমোগ্লোবিনের মাত্রা ছিল অস্বাভাবিক বেশি। সাধারণ মানুষের রক্তে এই উপাদানের পরিমাণ এক শতাংশেরও কম হলেও ফুগেট পরিবারের সদস্যদের ক্ষেত্রে তা ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত পৌঁছেছিল।

এই রোগের নাম মেথেমোগ্লোবিনেমিয়া। রক্তের অক্সিজেন পরিবহণে সমস্যা তৈরি হওয়ায় ত্বকে নীলচে আভা দেখা দিতে পারে। পরে জানা যায়, ওষুধের সাহায্যে এই অবস্থার চিকিৎসাও সম্ভব।

আরও পড়ুন:  ফোনের আসক্তি কমানোর ৭ উপায়

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ফুগেট পরিবারের এই বৈশিষ্ট্যও কমে আসে। শেষ বার ১৯৭৫ সালে এমন নীলচে ত্বকের সদস্যের দেখা মিলেছিল বলে জানা যায়।

সম্প্রতি ভারতে রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে নিয়ে সুপ্রিম কোর্টে আবেদনের পর ফের আলোচনায় এসেছে ফুগেট পরিবারের ঘটনা। চিকিৎসকদের মতে, আত্মীয়ের মধ্যে বিয়েতে একই রিসেসিভ জিনের মিলনের সম্ভাবনা বাড়ে। ফলে জন্মগত ত্রুটি ও বিভিন্ন জিনগত অসুখের ঝুঁকিও বেড়ে যেতে পারে।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment