---Advertisement---

রাজ্য সড়কের অংশে গড়ে উঠেছে তৃণমূলের পার্টি অফিস, দখলের বিরুদ্ধে নোটিস পূর্ত দপ্তরের

By Suman Debnath

July 11, 2026 5:30 PM

রাজ্য সড়কের অংশে গড়ে উঠেছে তৃণমূলের পার্টি অফিস, দখলের বিরুদ্ধে নোটিস পূর্ত দপ্তরের

---Advertisement---





ক্ষমতায় নেই। কিন্তু দলীয় কার্যালয় রয়েছে বহাল তবিয়তে। সে থাকতেই পারে। কিন্তু সেটা রয়েছে রাজ্য সড়কের অংশ জুড়ে। এটা নিয়েই এবার জোর আলোড়ন পড়ে গেল। রাজ্য সড়কের উপর পার্টি অফিস থাকতে পারে সেটা কেউ কল্পনা করতেই পারছেন না। কিন্তু বাস্তবে এমনই ঘটেছে। পরিস্থিতি এমন তৈরি হয় যে, পূর্ত দপ্তরকে নোটিস দিতে হয়েছে। রাজ্য সড়কের জায়গা দখল করে তৃণমূল কংগ্রেসের ব্লক অফিস তৈরির অভিযোগ। ১৫ দিনের মধ্যে ওই কার্যালয় ভাঙার নোটিস দিল পূর্ত দপ্তর। রাজ্য সড়কের জায়গা দখল করে পাঁচ বছর আগে গড়ে উঠেছিল তৃণমূল কংগ্রেসের ঝাঁ চকচকে এই ব্লক কার্যালয়।

আরও পড়ুন:  গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের পরিবারকে ২৫ লক্ষ টাকা, দাদাকে সিভিক ভলান্টিয়ারে চাকরি

এদিকে রাজ্যে পালাবদলের পরে সেটা সামনে চলে এসেছে। এবার সেই কার্যালয়েই পড়ল পূর্ত দপ্তরের নোটিস। ওই নোটিসেই উল্লেখ করা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে ওই কার্যালয় ভেঙে ফেলতে হবে। আর তা না হলে আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে। এমনই হুঁশিয়ারি দিয়েছে রাজ্যের পূর্ত দপ্তর। সরকারি জায়গা দখল করে এভাবে পার্টি অফিস গড়ে তোলায় অবাক সকলে। এতদিন কেন ধরা যায়নি? উঠছে প্রশ্ন। আসলে ক্ষমতায় থাকাকালীন বিষয়টি গড়ে উঠেছিল। তখন কেউ ট্যাঁফো করতে পারেনি। ফলে রমরম করে চলেছিল ওই পার্টি অফিস।

অন্যদিকে ঝাঁ চকচকে ওই পার্টি অফিসে অনেকেই গাড়ি হাঁকিয়ে আসতেন। রাত পর্যন্ত চলত নানা আলোচনা এবং খানাপিনা। তারপর সেখান থেকে যে যাঁর বাড়ি ফিরে যেতেন। নির্বাচনের কাজেও ওই দলীয় কার্যালয় ব্যবহার হয়েছিল বলে খবর। কোথায় তা অবস্থিত? বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়কের ধারে ধরমপুর মৌজায় পাঁচ বছর আগে গড়ে ওঠে তৃণমূল কংগ্রেসের ইন্দপুর ব্লক কার্যালয়। এই কার্যালয় আগে গমগম করত। তখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল। এখন বিরোধী আসনে আসীন। এখন সেখানের ধার ঘেঁষেও কোনও নেতাকে যেতে দেখা যায় না।

আরও পড়ুন:  তিন বছর ধরে বকেয়া বিল, ক্ষোভে ফুঁসছেন ৪০০-র বেশি পুর ঠিকাদার

কেমন দলীয় কার্যালয় সেটি? এই পার্টি অফিসে পা রাখলেই দেখা যাবে-দামি টাইলসের মেঝে, বাহারি ফলস সিলিং, ওয়াল পেপার দিয়ে মোড়া দেওয়াল, দামি বাহারি আলো-সহ নানা বিলাসবহুল আসবাবপত্র। ঝাঁ চকচকে এই দলীয় কার্যালয়ে চলত রাজনৈতিক কার্যকলাপ। এখানে বসতেন ইন্দপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রেজাউল খাঁ। এখন অবশ্য তিনি জেলে আছেন। আর তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে এই পার্টি অফিস। যার বাইরের দেওয়ালে সাঁটিয়ে দেওয়া হয়েছে পূর্ত দপ্তরের ভেঙে ফেলার নোটিস।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment