শহর থেকে গ্রামবাংলার নানা জায়গায় টোটো চলাচল করে। সেটি অনেকের কাছে একটা বড় লাইফলাইন হলেও এই টোটোর জেরে যানজট এবং পথ দুর্ঘটনা ঘটে থাকে। তাই জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে টোটো চলাচল বন্ধ করা হয়েছে। কিন্তু তারপরও দেখা গিয়েছে, টোটোর দাপট অব্যাহত। তবে সেটা চলছিল জিটি রোড এবং একাধিক বাস রুটে। তার ফলে বাস চলাচলের ক্ষেত্রে অসুবিধা হয়। এমনকী জিটি রোডে একাধিক পথ দুর্ঘটনা ঘটেছে এই টোটো চলাচলের জেরে। এই অবস্থায় এবার জিটি রোড এবং বাস রুটে টোটো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
এই নির্দেশের কথা চাউর হতেই টোটো চালকদের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছে। কিন্তু সার্বিক মানুষের স্বার্থে এই পদক্ষেপ করা হয়েছে। আর তাই এবার থেকে জিটি রোড এবং বাস চলাচল করে এমন রুটে টোটো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজি-কে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছেন পরিবহণ দপ্তরের প্রধান সচিব রবি ইন্দর সিং। ওই চিঠিতে উল্লেখ করা হয়, ২০১৪ সালের কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী ই-রিকশা বা টোটো মূলত স্বল্প দূরত্বের যাতায়াত করার জন্য ব্যবহার করার কথা। সেখানে দেখা গিয়েছে, বেশি দূরত্বের ক্ষেত্রেও টোটো চলাচল করছে। ঢুকে পড়ছে বাস রুটেও। আর তাতেই সমস্যা দেখা দিয়েছে।
প্রশাসন সূত্রে খবর, ২০১৬ সালের রাজ্য পরিবহণ দপ্তরের নির্দেশেই নির্দিষ্ট স্থানীয় রাস্তায় টোটো চালানোর অনুমতি দেওয়া হয়েছিল। তাতে বহু মানুষের উপকার যেমন হয় তেমন পরিবেশবান্ধব যানে পরিবেশও ঠিক থাকে। জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো চলাচল নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু অভিযোগ উঠেছে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাতীয় এবং রাজ্য সড়কের গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে টোটো চলাচল করছে। তার ফলে যানজট তৈরি হচ্ছে। আবার পথ দুর্ঘটনাও ঘটছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট নির্দেশিকা কঠোরভাবে কার্যকর করার জন্য পুলিশকে এবার নির্দেশ দেওয়া হয়েছে।
তাছাড়া নিষিদ্ধ রাস্তায় টোটো চলাচল বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। জেলায় জেলায় জিটি রোডে টোটো বেআইনিভাবেই যাত্রী নিয়ে চলছে বলে অভিযোগ উঠেছে। যেহেতু জিটি রোড রাজ্য সড়কের আওতাতেই পড়ে সেহেতু জিটি রোডে টোটো বন্ধ করতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে নিয়ম ভাঙলে মোটর ভেহিকেলস অ্যাক্ট, ১৯৮৮ এবং সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই প্রত্যেক জেলায় পুলিশকে নির্দেশ দিয়েছে পরিবহণ দপ্তর। বাসমালিকরাও এই নিয়ে অভিযোগ জানিয়ে ছিলেন। এই বিষয়ে সারা বাংলা বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, ‘বড় রাস্তায় টোটো দৌরাত্ম্য বন্ধে আমরা পরিবহণমন্ত্রীকে চিঠি দিয়েছি। এবার সরকারের নির্দেশিকায় সেটা হলে দুর্ঘটনাও কমবে। বাসও গতি পাবে।’









Leave a Comment