প্রকাশিত হল ২০২৭ সালের উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফলাফল। শুক্রবার সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের সভাপতি অসিত মণ্ডল জানান, এবার সামগ্রিক পাশের হার ৯২.৬২ শতাংশ। পাশের হারে ছেলেদের পিছনে ফেলে এগিয়ে রয়েছে মেয়েরা। অন্যদিকে, জেলাভিত্তিক ফলাফলে প্রথম স্থানে নদিয়া। তুলনায় পিছিয়ে অষ্টম স্থানে রয়েছে কলকাতা। তবে এবার তৃতীয় সেমেস্টারের ফলাফলের ভিত্তিতে কোনও মেধাতালিকা প্রকাশ করা হয়নি।
সংসদের দেওয়া তথ্য অনুযায়ী, এবার মোট ৭ লক্ষ ১৮ হাজার ৫৭৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল। তাঁদের মধ্যে ৩ লক্ষ ১০ হাজার ৯৯৬ জন ছাত্র এবং ৩ লক্ষ ৯৪ হাজার ৩২৫ জন ছাত্রী। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের হার ৪৪.০৯ শতাংশ এবং ছাত্রীর হার ৫৫.৯১ শতাংশ। সামগ্রিক পাশের হার ৯২.৬২ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯২.৫৮ শতাংশ হলেও ছাত্রীদের ক্ষেত্রে তা ৯২.৬৮ শতাংশ।
আরও পড়ুন: হাইকোর্টে বড় ধাক্কা! বিরোধী দলনেতার পদে ঋতব্রতর নিয়োগ খারিজ, স্পিকারকে ১০ দিনের সময়
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের পরীক্ষার্থীরা এগিয়ে রয়েছে। বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৮ শতাংশ এবং বাণিজ্য বিভাগে ৯৮.১১ শতাংশ। অন্যদিকে, কলা বিভাগে পাশের হার ৯১ শতাংশ। এবার বিজ্ঞান বিভাগে ১ লক্ষ ১৮ হাজার ৫৩৭ জন, বাণিজ্যে ৪৩ হাজার ৬১২ জন এবং কলা বিভাগে ৫ লক্ষ ৪৩ হাজার ১৭২ জন পরীক্ষা দিয়েছিল। কলা বিভাগের পাশের হার তুলনামূলক কম হওয়ায় বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে সংসদ।
জেলাভিত্তিক ফলাফলে ৯৫.৫৮ শতাংশ পাশের হার নিয়ে শীর্ষে রয়েছে নদিয়া। দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর (৯৫.০৯ শতাংশ) এবং তৃতীয় স্থানে হাওড়া (৯৫.০৮ শতাংশ)। চতুর্থ দক্ষিণ ২৪ পরগনা (৯৫.০৭ শতাংশ), পঞ্চম হুগলি (৯৪.৬১ শতাংশ) এবং ষষ্ঠ উত্তর ২৪ পরগনা (৯৪.৫৪ শতাংশ)। সপ্তম স্থানে পশ্চিম মেদিনীপুরের পাশের হার ৯৩.৮৪ শতাংশ। কলকাতা রয়েছে অষ্টম স্থানে, পাশের হার ৯৩.৪৫ শতাংশ। নবম পূর্ব বর্ধমান (৯৩.১০ শতাংশ), দশম দক্ষিণ দিনাজপুর (৯৩.০৬ শতাংশ), একাদশ কালিম্পং (৯১.৯৯ শতাংশ) এবং দ্বাদশ স্থানে ঝাড়গ্রাম (৯১.৮৮ শতাংশ)।
আরও পড়ুন: চার বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রী শুভেন্দুর বিরুদ্ধে সাঁকরাইলের মামলাও প্রত্যাহার রাজ্যের
কলকাতার ফলাফল তুলনামূলক পিছিয়ে থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সংসদের তরফে জানানো হয়েছে, শহরের প্রায় ১০০টি স্কুলের মধ্যে ৩০টি এ গ্রেড এবং ২০টি বি গ্রেডের অন্তর্ভুক্ত। বাকি স্কুলগুলির ফলাফল জেলার স্কুলগুলির তুলনায় কিছুটা পিছিয়ে। সংসদের দাবি, গ্রামাঞ্চলের স্কুলগুলিতে শিক্ষার মান ও পড়ুয়াদের ফলাফলের উন্নতি হওয়ায় জেলা ও শহরের স্কুলগুলির মধ্যে প্রতিযোগিতা ক্রমশ বাড়ছে।
এবার মোট ৭১টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল। প্রশ্নপত্র তৈরি হয়েছিল ১৫টি ভাষায়। নিরাপত্তার জন্য পরীক্ষাকেন্দ্রে মেটাল ডিটেক্টর ব্যবহার করা হয়। ৭৩ জন পরীক্ষার্থী হাসপাতালে থেকে পরীক্ষা দিয়েছে। বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২,৪৭৬। পরীক্ষা চলাকালীন ১৯টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয় এবং সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিল করা হয়েছে। শুক্রবার বিকেল ৩টে থেকে সংসদের ওয়েবসাইটে ফলাফল দেখার ও ডাউনলোড করার ব্যবস্থা করা হয়। আপাতত মূল মার্কশিট দেওয়া হচ্ছে না। চূড়ান্ত সেমেস্টারের ফল প্রকাশের সময় তা দেওয়া হবে। সভাপতি অসিত মণ্ডল জানিয়েছেন, পরবর্তী সেমেস্টারের ফল প্রকাশের সময় রাজ্যস্তরের মেধাতালিকা প্রকাশ করা হবে।
দেখুন:
Leave a Comment