মহিলা সংরক্ষণ বিল আটকাতে পারবে না বিরোধীরা, সংবিধান দিবসে আক্রমণ অমিত শাহের

By Suman Debnath

November 27, 2026 6:51 PM

মহিলা সংরক্ষণ বিল আটকাতে পারবে না বিরোধীরা, সংবিধান দিবসে আক্রমণ অমিত শাহের

নয়াদিল্লি: সংবিধান দিবসে অমিত শাহের নিশানায় বিরোধী শিবির। বিরোধী দলনেতা রাহুল গান্ধীকেও তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দিল্লিতে বিজেপির সংবিধান গৌরব দিবসের অনুষ্ঠানে শাহ বলেন, ‘দেশের মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ নিশ্চিত করবে সরকার। বিরোধীরা আটকাতে পারবে না। রাহুল গান্ধীর মনে রাখা উচিত, তাঁর ঠাকুমা ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন। কংগ্রেস নেতার মুখে সংবিধান রক্ষার কথা মানায় না।

মহিলা সংরক্ষণকে জুড়ে দিয়ে সংবিধান সংশোধনী ডিলিমিটেশন বিল পাশ করানোর অতীত প্রয়াস ব্যর্থ হয়েছে সরকারের। নেপথ্যে বিরোধীদের ঐক্যবদ্ধ প্রতিরোধ। সেই বিল ফের সংসদে আসতে পারে বলে চর্চা তুঙ্গে। সংবিধান দিবসে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রধানমন্ত্রী মোদির লেখা একটি নিবন্ধেও এই ইস্যুতে বিরোধীদের নিশানা করা হয়েছে। আইনসভায় ৩৩ শতাংশ আসন সংরক্ষণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘দেশের নারীশক্তিকে আমি আশ্বস্ত করছি। মহিলাদের প্রতি সুবিচার ও তাঁদের ক্ষমতায়নের পথে কোনো শক্তি আমাদের আটকাতে পারবে না।’ প্রধানমন্ত্রীর সুরেই এদিন বিরোধী শিবির তথা কংগ্রেসকে তোপ দাগেন স্বরাষ্ট্রমন্ত্রীও। শাহ বলেন, ‘অতীতে কংগ্রেস সংবিধান সংশোধন করে মানুষের অধিকার খর্ব করেছিল। তারা জরুরি অবস্থা জারি করেছিল। কিন্তু আমরা ওবিসিদের ন্যায্য অধিকার দিয়েছি। আর্থিকভাবে দুর্বল শ্রেণির জন্য সংরক্ষণ চালু করেছি। পরবর্তী বড়ো প্রজেক্ট— অভিন্ন দেওয়ানি বিধি। বিজেপি শাসিত সব রাজ্যে তা চালু করা হবে। বিরোধীদের মনে করাতে চাই, সংবিধান রচয়িতারাই বলেছিলেন দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু হওয়া উচিত। প্রত্যেকেরই সম মর্যাদা প্রাপ্য।’ পাশাপাশি রাহুল গান্ধীকেও তীব্র আক্রমণ করেন শাহ। তাঁর তোপ, ‘রাহুল গান্ধীর সমস্যা হল তিনি ২০ বছর ধরে নির্বাচনে হারছেন। তাই নির্বাচন কমিশনের নামে অপপ্রচার করছেন। আমরাও বিরোধী বেঞ্চে ছিলাম। একাজ করিনি। কংগ্রেস নেতা চাইছেন, সংসদে নয়, বিতর্ক হোক রাস্তায়। যদিও সংবিধান নির্ধারিত বিতর্কের স্থান হল সংসদ।’ ছবি: পিটিআই

আরও পড়ুন:  নাসিম দুরানি এনকাউন্টার | D-Company Gangster Killed In UP

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment