বেহালায় প্রোমোটারের কাছ থেকে ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠতেই স্থানীয় বিজেপি নেতা তুহিন পালকে সাময়িক সাসপেন্ড করল দল। ৭ দিনের মধ্যে জবাব তলব।
কলকাতা: রাজ্যে পালাবদলের পর দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে বিজেপি (BJP) সরকার। সেই নীতি যে শুধু বিরোধীদের জন্য নয়, নিজেদের দলের জন্যও সমান ভাবে প্রযোজ্য— তা ফের প্রমাণ করল গেরুয়া শিবির। বেহালার (Behala) ১১৭ নম্বর ওয়ার্ডের স্থানীয় বিজেপি নেতা তুহিন পালের (Tuhin Pal) বিরুদ্ধে প্রোমোটারের কাছ থেকে ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠতেই তাঁকে সাময়িক সাসপেন্ড (Suspend) করল দল। পাশাপাশি ৭ দিনের মধ্যে জবাব তলব করে শোকজ (Show Cause) করা হয়েছে।
জানা গেছে, নিউ আলিপুর (New Alipur) এলাকার বাসিন্দা তুহিন পাল বেহালার ১১৭ নম্বর ওয়ার্ডের স্থানীয় বিজেপি নেতা হিসেবে পরিচিত। সম্প্রতি ওই এলাকায় কাশীনাথ মণ্ডল (Kashinath Mondal) নামে এক প্রোমোটার একটি বিল্ডিং তৈরির কাজ শুরু করতে উদ্যোগী হন। অভিযোগ, এই খবর জানতে পেরে ওই প্রোমোটারকে ডেকে পাঠিয়ে তুহিন ৫ লক্ষ টাকা দাবি করেন। টাকা না দিলে কাজ শুরু করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয় বলে অভিযোগ। সম্প্রতি একটি অডিও (Audio) প্রকাশ্যে এসেছে, যেখানে এক ব্যক্তিকে টাকা চাইতে শোনা যাচ্ছে। সেই ব্যক্তি তুহিন পাল বলেই অভিযোগ উঠেছে। এই ঘটনায় বেহালা থানায় (Behala Police Station) লিখিত অভিযোগ দায়ের করেন কাশীনাথ মণ্ডল।
অভিযোগ দায়ের হওয়ার পরই তুহিনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় বিজেপি নেতৃত্ব। দলের তরফে পাঠানো চিঠিতে তুহিনকে জানানো হয়েছে, নির্বাচন পরবর্তী সময়ে ভয়ভীতি প্রদর্শন, হুমকি, তোলাবাজি-সহ একাধিক দলবিরোধী কার্যকলাপের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ঘটনাগুলো অত্যন্ত লজ্জাজনক ও দলীয় সংবিধান বিরোধী। তাই পশ্চিমবঙ্গ বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির সুপারিশে ও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) নির্দেশানুসারে তাঁকে সাময়িক সাসপেন্ড করা হল। আগামী ৭ দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, রাজ্যে সরকার বদলের পর থেকেই তোলাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিজেপি সরকার। এই অভিযোগে বহু তৃণমূল (TMC) নেতার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি নিজেদের দলের কেউ একই পথে হাঁটলে তাঁকেও ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে গেরুয়া শিবির। এর আগেও দলবিরোধী কাজের অভিযোগে একাধিক বিজেপি নেতাকে সাসপেন্ড করা হয়েছে। এবার তুহিন পালের বিরুদ্ধে এই ব্যবস্থা সেই বার্তাই আরও জোরালো করল।
Leave a Comment