---Advertisement---

পুর-মার্কেটের সামনে আর নয় হকার! কলকাতায় ৪৫ মিটারের মধ্যে বসায় নিষেধাজ্ঞা, শুরু হল বাস্তবায়ন

By Suman Debnath

July 16, 2026 11:55 AM

পুর-মার্কেটের সামনে আর নয় হকার! কলকাতায় ৪৫ মিটারের মধ্যে বসায় নিষেধাজ্ঞা, শুরু হল বাস্তবায়ন

---Advertisement---


কলকাতার পুরসভা পরিচালিত বাজারগুলিতে ক্রেতাদের যাতায়াত সহজ করতে বড় পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। পুর-মার্কেট হকারমুক্ত করার লক্ষ্যে সিদ্ধান্ত হয়েছে, কোনও পুর-মার্কেটের চারপাশের ৪৫ মিটারের মধ্যে হকার বসতে পারবেন না। ইতিমধ্যেই শহরের একাধিক গুরুত্বপূর্ণ বাজারে এই সিদ্ধান্ত কার্যকর করার কাজ শুরু হয়েছে। পুরসভার দাবি, বাজারের প্রবেশ ও বেরোনোর পথ খোলা রাখতেই এই উদ্যোগ।

পুরসভা সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই বিভিন্ন মার্কেটের স্থায়ী দোকানদারদের অভিযোগ ছিল যে, বাজারের চারপাশে হকারদের ভিড়ের কারণে ক্রেতাদের প্রবেশ ও বের হওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ছে। এর ফলে ব্যবসায়ও প্রভাব পড়ছে বলে অভিযোগ ওঠে। সেই প্রেক্ষিতেই পুর প্রশাসন নতুন নীতি গ্রহণ করেছে।

রাজ্যে প্রশাসনিক পরিবর্তনের পর পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল গড়িয়াহাট, বেহালা ম্যান্টন-সহ একাধিক পুর-মার্কেট পরিদর্শন করেন। বাজারগুলির অবস্থা খতিয়ে দেখে তিনি পুর কর্তৃপক্ষকে একাধিক পরামর্শ দেন। সেই সুপারিশের ভিত্তিতেই বাজার সংস্কার এবং শৃঙ্খলা ফেরাতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে পুরসভার বাজার বিভাগ জানিয়েছে।

আরও পড়ুন:  গুন্ডাদমন আইন নিয়ে মুখ খুলেছেন শমীক

এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই টাউন ভেন্ডিং কমিটির (TVC) বৈঠকেও আলোচনা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি পুর-মার্কেটের প্রবেশ ও প্রস্থানের রাস্তা সম্পূর্ণ খালি রাখতে হবে। সেই কারণে মার্কেট চত্বরের ৪৫ মিটারের মধ্যে নতুন করে কোনও হকার বসতে পারবেন না। নিউ মার্কেট, গড়িয়াহাট-সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বাজারে এই নির্দেশ কার্যকরও করা হয়েছে।

তবে এই সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছে হকার সংগঠনের একাংশ। হকার্স সংগ্রাম কমিটির নেতা শক্তিমান ঘোষের দাবি, পুনর্বাসনের সুস্পষ্ট পরিকল্পনা ছাড়া এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব নয়। তাঁর বক্তব্য, বিকল্প ব্যবস্থা না করে হকারদের সরিয়ে দেওয়া হলে বহু মানুষের জীবিকা সংকটে পড়বে।

যদিও পুরসভার তরফে স্পষ্ট করা হয়েছে, পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া কোনও হকারকে উচ্ছেদ করার পরিকল্পনা নেই। প্রশাসনের দাবি, হকারদের স্বার্থ এবং বাজারের শৃঙ্খলা—দুই বিষয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখেই পদক্ষেপ করা হবে।

আরও পড়ুন:  ভিক্টোরিয়া হাউস থেকে পিছু হটল 'কালীঘাট' তৃণমূল, তারামণ্ডলে শহিদ দিবস পালনে আপত্তি নেই

এদিকে শহরে নতুন করে হকার চিহ্নিতকরণের কাজও শুরু হয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, আগের সমীক্ষায় প্রায় ৫৬ হাজার হকারকে চিহ্নিত করা হলেও বর্তমান প্রশাসন ফের সমীক্ষা চালাচ্ছে। ইতিমধ্যেই শহরে ১,৮৯২টি হকিং জোন চিহ্নিত হয়েছে এবং ভবিষ্যতে এই তালিকায় আরও এলাকা যুক্ত হতে পারে। এই সমীক্ষার মূল উদ্দেশ্য হকারদের সরকারি প্রকল্পের আওতায় আনা এবং পুনর্বাসন প্রক্রিয়াকে আরও সুসংগঠিত করা।

পুর প্রশাসনের বক্তব্য, পুনর্বাসনের প্রক্রিয়া চললেও পুর-মার্কেটের চারপাশ হকারমুক্ত রাখার সিদ্ধান্ত থেকে আপাতত সরে আসার কোনও পরিকল্পনা নেই। ফলে আগামী দিনে কলকাতার আরও বাজারে একই নিয়ম কার্যকর হতে পারে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment