“বিদেশি মদতে দেশবিরোধী চক্রান্ত চলছে। বাংলায় অশান্তি ঘটানোর চেষ্টা করা হলে কড়া ব্যবস্থা”— নিট-আন্দোলন নিয়ে সাংবাদিক বৈঠকে হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী তাপস রায়। বললেন, পুলিশ-প্রশাসন প্রস্তুত।
কলকাতা: একদিকে দিল্লির যন্তর মন্তরে (Jantar Mantar) টানা আন্দোলন, কলকাতায় (Kolkata) শুক্রবারের জন্য সিজেপি (CJP) ও এসএফআই (SFI)-এর বিক্ষোভের ডাক। ঠিক তার আগেই বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে কড়া বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী তাপস রায় (Tapas Roy)। সাফ জানিয়ে দিলেন, “বিদেশি মদতে দেশবিরোধী চক্রান্ত চলছে। বাংলায় অশান্তি ঘটানোর চেষ্টা করা হলে সরকার যা করার করবে। পুলিশ-প্রশাসন পুরোপুরি প্রস্তুত।” পাশাপাশি অবিজেপি সরকারের আমলে কোথায় কত প্রশ্নফাঁস হয়েছিল, তার খতিয়ানও দিয়ে তাপস বলেন, “প্রশ্নফাঁসে সরকার যে কঠোর ব্যবস্থা নিয়েছে, আগে কখনও দেখা যায়নি।”
এ দিন তাপসের সঙ্গে ছিলেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার (Debjit Sarkar), মিডিয়া সেলের আহ্বায়ক বিমলশঙ্কর নন্দ (Bimal Shankar Nanda) এবং যুব মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক আশিস বিশ্বাস (Ashish Biswas)। তাঁরা স্বীকার করেছেন, প্রশ্নফাঁসে সরকারের ‘বিচ্যুতি’ রয়েছে। তবে তাঁদের বক্তব্য, কেন্দ্রীয় সরকার (Central Government) ইতিমধ্যেই কঠোর পদক্ষেপ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ফাস্ট ট্র্যাক কোর্ট (Fast-Track Court) গঠনের কথা ঘোষণা করেছেন। কিন্তু দিল্লির আন্দোলন আর নিট (NEET) বিতর্কে সীমাবদ্ধ নেই। সেখানে বিদেশি শক্তির টাকা ঢুকে পরিস্থিতি অশান্ত করে তোলা হচ্ছে।
তাপস বলেন, “দক্ষিণ এশিয়ার অন্য কিছু জায়গায় যে রকম পরিস্থিতি তৈরি করা হয়েছিল, এখানেও তেমনই করার চেষ্টা হচ্ছে। বিদেশ থেকে টাকা ঢুকছে। বাংলায় এমন কোনও ঘটনা ঘটানোর চেষ্টা হলে আমরা ঘটতে দেব না।” দেবজিৎ সরকার আরও অভিযোগ করেন, ওই আন্দোলনে গাড়ির তেলের ট্যাঙ্ক খুলে জ্বলন্ত দেশলাই ফেলা হচ্ছে, সাংবাদিকদের আক্রমণ করা হচ্ছে। উমর খালিদের (Umar Khalid) মুক্তি চাওয়া হচ্ছে, ৩৭০ ধারা ফেরানোর পক্ষে সওয়াল হচ্ছে। তাঁর প্রশ্ন, “এর সঙ্গে ছাত্র আন্দোলন বা প্রশ্নফাঁসের কী সম্পর্ক?”
উল্লেখ্য, শুক্রবার কলকাতায় সিজেপি ও এসএফআই-এর বিক্ষোভ কর্মসূচির কথা মাথায় রেখে তাপস স্পষ্ট করে দিয়েছেন, “কেউ চাইলে শান্তিপূর্ণ আন্দোলন করতেই পারে। কিন্তু সেখান থেকে অশান্তির চেষ্টা করা হলে সরকার যা করার করবে।” রাজ্যের মানুষকেও সতর্ক করে তাপস বলেন, “দু’মাস আগে আপনারা পশ্চিমবঙ্গকে সর্বনাশের হাত থেকে বাঁচিয়েছেন। এ বারও চক্রান্ত ব্যর্থ করুন। নতুন করে অশান্তি করার সুযোগ আমরা দেব না।”
Leave a Comment