---Advertisement---

মেডিকেল কলেজে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচন, সরকারি কর্মচারীদের আন্দোলনের ভূয়সী প্রশংসা শমীকের

By Suman Debnath

July 11, 2026 3:55 PM

মেডিকেল কলেজে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচন, সরকারি কর্মচারীদের আন্দোলনের ভূয়সী প্রশংসা শমীকের

---Advertisement---





ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাকাডেমি বিল্ডিংয়ে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে তাঁর আবক্ষ মূর্তির উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিজেপি নেতা তথা বিধায়ক রীতেশ তিওয়ারি, বিজেপি নেতা সন্তোষ পাঠক-সহ দলের একাধিক নেতা এবং সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শমীক ভট্টাচার্য বলেন, এই মূর্তি উন্মোচনের মধ্য দিয়ে এক ‘যুগসন্ধিক্ষণের’ সূচনা হলো। তিনি বলেন, ভারতীয় ভাবনায় অধিকারের পাশাপাশি কর্তব্যবোধের উপর জোর দেওয়া হয়েছে। তাঁর কথায়, শিক্ষক নিজের কর্তব্য পালন করলে ছাত্রের অধিকার রক্ষা হয়, মুখ্যমন্ত্রী কর্তব্য পালন করলে রাজ্যবাসীর অধিকার সুরক্ষিত থাকে। সংঘর্ষ নয়, সমন্বয়ের পথেই সমাজ ও প্রশাসন এগিয়ে চলা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন:  অবৈধ দখল রুখতে হাওড়ায় বুলডোজার অভিযান

সরকারি কর্মচারীদের সংগঠনের ভূমিকাও এদিন তুলে ধরেন বিজেপি রাজ্য সভাপতি। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে পেনশন, মহার্ঘ ভাতা (ডিএ) এবং অন্যান্য দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের পাশে থেকেছে এই সংগঠন। প্রতিকূল পরিস্থিতিতেও তারা আইনি লড়াই চালিয়ে গিয়েছে এবং সেই লড়াই আদালতের স্বীকৃতিও পেয়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে বলেন, সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি মর্যাদা বজায় রেখেই সরকারের কাছে তুলে ধরা উচিত এবং প্রশাসনের স্বাভাবিক কাজকর্মও অব্যাহত থাকা প্রয়োজন।

ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়েও এদিন মন্তব্য করেন শমীক ভট্টাচার্য। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে বাংলায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ইতিহাস ও অবদানকে গুরুত্ব দেওয়া হয়নি এবং তাঁকে আড়ালে রাখার চেষ্টা হয়েছে। সরকার পরিবর্তনের পর তাঁর জীবন ও কর্ম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন:  গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের পরিবারকে ২৫ লক্ষ টাকা, দাদাকে সিভিক ভলান্টিয়ারে চাকরি

একই সঙ্গে তিনি বলেন, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকারের ছুটি ঘোষণা এবং হুগলির জিরাটে তাঁর পৈতৃক বাড়িতে গ্রন্থাগার তৈরির উদ্যোগ ইতিবাচক পদক্ষেপ। কলকাতা মেডিকেল কলেজে তাঁর আবক্ষ মূর্তি স্থাপনকেও তিনি তাৎপর্যপূর্ণ উদ্যোগ বলে উল্লেখ করেন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment