---Advertisement---

দুর্নীতির অভিযোগের বদলে জল-কারেন্টের নালিশ, নাজেহাল নবান্নের হেল্পলাইন

By Suman Debnath

August 5, 2026 7:50 PM

দুর্নীতির অভিযোগের বদলে জল-কারেন্টের নালিশ, নাজেহাল নবান্নের হেল্পলাইন

---Advertisement---


কাটমানি, সিন্ডিকেট, বেআইনি টোল আদায় বা অবৈধ মদের কারবারের অভিযোগ জানাতে চালু হয়েছে নবান্নের নতুন টোল-ফ্রি হেল্পলাইন। কিন্তু সেই নম্বরে ফোন করে কেউ বাড়ির সামনে জল জমার অভিযোগ জানাচ্ছেন। তো কেউ আবার বলছেন কলে জল আসছে না। আবার কারও অভিযোগ বিদ্যুৎ নেই। এমনকী শরিকি বিবাদ কিংবা সরকারি প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগও পৌঁছে যাচ্ছে ওই নম্বরেই। এর ফলে প্রকৃত অভিযোগের পাশাপাশি অপ্রাসঙ্গিক অভিযোগ সামলাতেই নাজেহাল নবান্নের কন্ট্রোল রুমের কর্মীরা।

নবান্ন সূত্রের খবর, হেল্পলাইন চালুর পর গত এক সপ্তাহে গড়ে প্রতিদিন প্রায় হাজারখানেক ফোন এসেছে। কিন্তু তার মধ্যে ৯০ থেকে ৯৫ শতাংশই নির্দিষ্ট উদ্দেশ্যের সঙ্গে সম্পর্কহীন। যে চার ধরনের অভিযোগের জন্য এই হেল্পলাইন চালু করা হয়েছে, সেই সংক্রান্ত ফোন আসছে হাতে গোনা। এক আধিকারিকের কথায়, অনেকেই বুঝতেই পারছেন না কোন ধরনের অভিযোগ জানানোর জন্য এই নম্বরগুলি চালু হয়েছে। ফলে নানা ধরনের ব্যক্তিগত বা পরিষেবা-সংক্রান্ত সমস্যার কথা জানাতে ফোন করছেন।

আরও পড়ুন:  ২১ জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী! কী সুপারিশ ছিল, ১৫ বছরে কতটা মেনেছে মমতা সরকার?

তবে কন্ট্রোল রুমে আসা কোনও অভিযোগই ফেলে রাখা হচ্ছে না বলে প্রশাসনিক সূত্রের দাবি। যে অভিযোগগুলি সংশ্লিষ্ট দপ্তরের আওতায় পড়ে, সেগুলি দ্রুত সেই দপ্তরের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। যেমন, পানীয় জলের সমস্যা, রাস্তা খারাপ, জল জমে থাকা বা অন্য নাগরিক পরিষেবার অভিযোগ সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়ে দেওয়া হচ্ছে, যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।

গত মঙ্গলবার রাজ্যে দুর্নীতি ও বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানানোর উদ্দেশ্যে নবান্নে চারটি বিশেষ টোল-ফ্রি নম্বর চালু করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাটমানি সংক্রান্ত অভিযোগের জন্য ১৫৫৩৩৪, সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগের জন্য ১৫৫৩৩৫, বেআইনি টোল বা রোড ট্যাক্স আদায়ের জন্য ১৫৫৩৩৭ এবং অবৈধ মদের কারবারের অভিযোগ জানাতে ১৫৫৩৩৯ নম্বর চালু করা হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এই নম্বরগুলিতে অভিযোগ নথিভুক্ত করা যাচ্ছে।

আরও পড়ুন:  ‘চেষ্টা করবেন পুজোকে রাজনীতির প্রভাবমুক্ত করার’, খুঁটিপুজোয় বার্তা দিলেন শমীক

সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতে বা ভুয়ো তথ্য দিয়ে হেল্পলাইনের অপব্যবহার করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তা সত্ত্বেও অপ্রাসঙ্গিক ফোনের সংখ্যা কমছে না। নবান্নের এক আধিকারিক জানান, বহু ক্ষেত্রেই ফোন করে অভিযোগকারীদের বোঝানো হচ্ছে যে, এই নম্বর নির্দিষ্ট কয়েক ধরনের অভিযোগ জানানোর জন্যই চালু করা হয়েছে। কয়েকজনকে সতর্কও করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত ছবির বিশেষ বদল ঘটেনি।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, হেল্পলাইনে আসা প্রতিটি ফোন রেকর্ড করা হচ্ছে। প্রয়োজনে ভবিষ্যতে সেই রেকর্ডও পুনরুদ্ধার করা যাবে। তাই সাধারণ মানুষের কাছে আবেদন, নির্দিষ্ট উদ্দেশ্যেই হেল্পলাইন ব্যবহার করুন, যাতে প্রকৃত অভিযোগের দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হয়।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment