---Advertisement---

ব্যারাকপুর শিল্পাঞ্চলে পুরসভাগুলির ভোট কবে? বড় আপডেট দিলেন মন্ত্রী অর্জুন

By Suman Debnath

July 10, 2026 6:25 PM

ব্যারাকপুর শিল্পাঞ্চলে পুরসভাগুলির ভোট কবে? বড় আপডেট দিলেন মন্ত্রী অর্জুন

---Advertisement---





রাজ্যে পালাবদলের পর থেকে একের পর এক পুরসভা ভাঙতে শুরু করেছে। আর সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রশাসক বসানো হচ্ছে। কারণ নাগরিক পরিষেবা অব্যাহত রাখতেই তা করতে হচ্ছে। কিন্তু এভাবে কি দীর্ঘদিন চলা সম্ভব? উঠছে প্রশ্ন। ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত একাধিক পুরসভা প্রশাসক দিয়ে চালাতে হচ্ছে। এবার এই পুরসভাগুলির নির্বাচন নিয়ে বড় আপডেট দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।

এদিকে ব্যারাকপুর শিল্পাঞ্চলের পুরসভাগুলিতে দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতে এবার শ্রম ও পরিবহণ মন্ত্রী অর্জুন সিং জানিয়ে দিলেন, পুরপ্রশাসক বসিয়ে এভাবে বছরের পর বছর পুরসভা চালানো যায় না। তাই আগামী নভেম্বর মাসেই ভাটপাড়া-সহ এই অঞ্চলের একাধিক পুরসভায় নির্বাচন হবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রীতিমতো উত্তেজিত হয়ে অর্জুন সিং প্রশ্ন তোলেন, ‘পুরসভার চেয়ারম্যানের অফিস কি ফাইভস্টার হোটেল? এত বিলাসিতা কিসের জন্য? ব্যারাকপুর শিল্পাঞ্চলের কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি, ভাটপাড়া, গারুলিয়া এবং ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান থেকে শুরু করে কাউন্সিলররা পদত্যাগ করার জেরে নাগরিক পরিষেবা ধাক্কা খায়। সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। নাগরিক কাজের গতি বাড়াতে অবিলম্বে নির্বাচনের প্রয়োজন। পুরপ্রশাসক বসিয়ে বেশিদিন কাজ চালানো গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী। তাই আগামী নভেম্বরেই এই পুরসভাগুলিতে ভোট হবে।’

আরও পড়ুন:  তৃণমূলের তিন প্রাক্তন রাজ্যসভা সাংসদ বিজেপিতে, ‘বাংলার মানুষ পরিবর্তন চান’ বার্তা শমীকের

অন্যদিকে পশ্চিমবঙ্গে জলপথ পরিকাঠামোকে আরও আধুনিক করতে একসঙ্গে ১০টি আধুনিক গ্যাংওয়ে-কাম-পন্টুন জেটির উদ্বোধন করা হলো। শুক্রবার কলকাতার মেটিয়াব্রুজ ফেরিঘাটে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে পরিবহণ মন্ত্রী অর্জুন সিং মেটিয়াব্রুজ জেটির উদ্বোধন করেন। একইসঙ্গে ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের আরও ৯টি জেটিরও উদ্বোধন করা হয়। আর বিশ্বব্যাঙ্কের আর্থিক সহায়তায় পশ্চিমবঙ্গ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট, লজিস্টিক্স অ্যান্ড স্পেশাল ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় নির্মিত এই জেটিগুলি রয়েছে হুগলির চন্দননগর, হালিশহরের জুটমিল, কলকাতার মেটিয়াব্রুজ, পুজালি, বালি, বরাহনগর, হুগলি, উত্তর ব্যারাকপুরের বাবাজি, বৈদ্যবাটির কানাইদেওয়ান এবং হলদিয়ার কুকড়াহাটিতে। অদুর ভবিষ্যতে আগে চালু থাকা মেটিয়াব্রুজ থেকে হাওড়া স্টিমার পরিষেবা পুনরায় চালু করা হবে বলেও জানিয়েছেন পরিবহণ মন্ত্রী।

তাছাড়া ভাটপাড়া পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনের বকেয়া ফাইল নিয়ে অর্জুন সিং অফিসারদের নির্দেশ দেন, যে সমস্ত কর্মীরা ইতিমধ্যেই অবসর নিয়েছেন কিন্তু এখনও পেনশনের কাগজপত্র তৈরি হয়নি তাঁদের দ্রুত বকেয়া মেটাতে হবে। মন্ত্রীর কথায়, ‘যাঁরা দীর্ঘদিন এই পুরসভায় কাজ করে অবসর নিয়েছেন, তাঁদের একমাত্র রোজগারের জায়গা এই পেনশন। দয়া করে এটা আটকে রাখবেন না। গত ৫-৬ বছর ধরে যাঁরা আগের সরকারের দুর্নীতির সঙ্গে নিজেদের জড়িয়েছিলেন, তাঁরা এবার শুধরে যান।’

আরও পড়ুন:  একসঙ্গে ১৯ জন কাউন্সিলরের পদত্যাগ, ভেঙে গেল চাঁপদানি পুরবোর্ড

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment