---Advertisement---

ইডি দপ্তরে হাজিরা দিলেন মদনের স্ত্রী অর্চনা মিত্র

By Suman Debnath

July 24, 2026 3:25 PM

ইডি দপ্তরে হাজিরা দিলেন মদনের স্ত্রী অর্চনা মিত্র

---Advertisement---


পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার ইডি দপ্তরে হাজিরা দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র। শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে যান। তাঁর সঙ্গে ছিলেন ছোট ছেলে শুভরূপ মিত্র। সংবাদমাধ্যমের প্রশ্নের জবাব না দিয়ে হাতজোড় করে তিনি সরাসরি লিফটে উঠে যান।

এই মামলার তদন্তে ইডি মিত্র পরিবারের চার সদস্যকে আলাদা আলাদা দিনে তলব করেছে। বুধবার প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় মদন মিত্রের ছোট ছেলে শুভরূপকে। বৃহস্পতিবার ইডি দপ্তরে হাজিরা দেন বড় ছেলে স্বরূপ মিত্র। আগামী বুধবার, ২৯ জুলাই হাজিরা দিতে বলা হয়েছে মদন মিত্রকে।

তদন্তকারী সংস্থার অভিযোগ, টিটাগড় পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার নামে কমপক্ষে ১২৫ জনের কাছ থেকে নগদ অর্থ বা সোনার গয়না নেওয়া হয়েছিল। এই নিয়োগ দুর্নীতির তদন্তেই মদন মিত্রের নাম উঠে আসে। গত ১৩ জুন তাঁর একাধিক ঠিকানায় তল্লাশি চালায় ইডি এবং সেইসঙ্গে তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়। এরপরই তাঁর স্ত্রী ও দুই পুত্রকে তলব করা হয়।

আরও পড়ুন:  দুর্গাপুজোর আগেই কবি সুভাষ থেকে গড়াতে পারে মেট্রোর চাকা, ডিসেম্বরেই জোকা-এসপ্ল্যানেড ট্রায়াল রান শুরুর সম্ভাবনা

ইডি সূত্রে খবর, পুরসভায় নিয়োগের বিনিময়ে কোনও বেআইনি আর্থিক লেনদেন হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সেই কারণেই মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র এবং তাঁর দুই ছেলেকে ব্যাঙ্ক সংক্রান্ত নথিপত্র সঙ্গে নিয়ে হাজিরা দিতে বলা হয়েছিল।

শুধু ইডিই নয়, গত বছরের অক্টোবর মাসে পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে মদন মিত্রের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। সে সময় প্রায় পাঁচ ঘণ্টা তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়।

উল্লেখ্য, গত সপ্তাহে মদন মিত্রের স্ত্রী ও দুই পুত্রকে ইডির তলবের পর তিনি তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেন। এরপর প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মন্তব্য করেন তিনি।

এদিকে, পুরনিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ইডি। তদন্তকারী সংস্থা সুজিত বসু এবং তাঁর পুত্র সমুদ্র বসুর বিরুদ্ধে আদালতে চার্জশিটও জমা দিয়েছে।

আরও পড়ুন:  বাংলায় এবারে চালকরাই মালিক, বিরাট শাহি ঘোষণা

 

 

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment