NEET প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতার ছাত্র মিছিলে নজর কাড়ল ব্যঙ্গাত্মক পোস্টার। ‘কুচুপুচু ইস্তফা দিন’ থেকে ‘ঝুট ইজ মাই এনার্জি’— মিম-সংস্কৃতিতে কেন্দ্রকে কটাক্ষ করলেন আন্দোলনকারীরা।
কলকাতার রাজপথে শুক্রবার শুধু ছাত্রদের ঢলই নামেনি, নজর কেড়েছে প্রতিবাদের নতুন ভাষাও। NEET প্রশ্নফাঁসের অভিযোগ, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতার দাবি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)-এর পদত্যাগের দাবিতে আয়োজিত ছাত্র মিছিলে ব্যঙ্গ, মিম-সংস্কৃতি এবং পপ-কালচারের মিশেলে একের পর এক পোস্টার মুহূর্তে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এসএফআই (SFI)-সহ বাম ছাত্র সংগঠনগুলির ডাকা কর্মসূচিতে ককরোচ জনতা পার্টি (Cockroach Janta Party – CJP)-র সমর্থকদের অংশগ্রহণে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত কার্যত জমে ওঠে ‘পোস্টারের হাট’।
দিল্লিতে প্রশ্নফাঁসের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলনের সমর্থনে কলকাতায় আলাদা কর্মসূচির অনুমতি চেয়েও তা না পাওয়ার অভিযোগ ওঠে। এরপর বাম ছাত্র সংগঠনগুলির যৌথ মিছিলে শামিল হন সিজেপি-সমর্থকেরা। বিকেলে শিয়ালদহ (Sealdah) থেকে মিছিল শুরু হতেই সাধারণ পরীক্ষার্থী, ছাত্রছাত্রী এবং যুবসমাজের বড় অংশ তাতে যোগ দেন। ক্রমে তা শহরের অন্যতম বড় ছাত্র সমাবেশে পরিণত হয়।
এই মিছিলে সবচেয়ে বেশি নজর কেড়েছে ব্যতিক্রমী পোস্টার ও প্ল্যাকার্ড। রাজনৈতিক বক্তব্যকে হাস্যরস, ব্যঙ্গ এবং সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ভাষার সঙ্গে মিলিয়ে তৈরি করা হয় একাধিক বার্তা। অনেকের মুখে ছিল স্পাইডারম্যানের মুখোশ, আবার কেউ হাতে তুলে নিয়েছিলেন ভাইরাল হওয়ার মতো স্লোগান লেখা পোস্টার।
মিছিলে দেখা যায় একাধিক আলোচিত পোস্টার, যেমন—
- ‘আরে জলদি ইস্তফা দিন, কাল অফিস যেতে হবে’
- ‘ধর্মেন্দ্রজি, শিগগির ইস্তফা দিন, আপনার জন্য আমার সোশ্যাল মিডিয়া ফিড খারাপ হচ্ছে’
- ‘বিশ্বগুরুর নাম নয়, ফেসিলিটি চাই’
- ‘ঝুট ইজ দ্য সিক্রেট অফ মাই এনার্জি’
- ‘যে মজা দেশ বেচে, সেই মজা চা বেচে নেই’
- ‘কুচু পুচু, রিজাইন করে দাও’
- ‘ফাইভ প্রবলেমস (ধর্মেন্দ্র), ওয়ান সলিউশন (ইস্তফা)’
- ‘জব জব মোদী ডরতা হ্যায়, পুলিশ কো আগে করতা হ্যায়’
আন্দোলনকারীদের বক্তব্য, এই প্রতিবাদ কোনও রাজনৈতিক কর্মসূচিতে সীমাবদ্ধ নয়। দিল্লির যন্তর-মন্তর (Jantar Mantar)-এ শুরু হওয়া আন্দোলন এখন দেশের কোটি কোটি পরীক্ষার্থীর ভবিষ্যতের লড়াইয়ে পরিণত হয়েছে। সেই কারণেই নতুন প্রজন্মের ভাষা, মিম-সংস্কৃতি এবং ব্যঙ্গকে হাতিয়ার করেই তাঁরা নিজেদের প্রতিবাদ তুলে ধরছেন।
মিছিলে অংশ নেওয়া পড়ুয়াদের দাবি, NEET-সহ সর্বভারতীয় পরীক্ষাগুলিতে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত না হওয়া পর্যন্ত এবং প্রশ্নফাঁসের ঘটনায় দায় নির্ধারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তাঁদের মতে, এই লড়াই শুধু একটি পরীক্ষার নয়, দেশের শিক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা রক্ষার লড়াই।
Leave a Comment