বাংলার খোলা বাজারে খুব সহজেই মিলছে জাল সিম। আর তা দিয়ে করা হচ্ছে একাধিক অপরাধ। যা নিয়ে উদ্বিগ্ন ছিল কলকাতা সহ রাজ্যের পুলিশ। আর এবারে জাল সিমকার্ড বিক্রির অভিযোগে তিলজলা থানায় মামলা দায়ের করল কলকাতা পুলিশ। শুক্রবার, ১১ সেপ্টেম্বর তিলজলা থানায় দায়ের হওয়া মামলায় ‘জয় মাতাদি কমিউনিকেশন’-এর এজেন্ট ও মালিকদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
তিলজলা রোডের ৮০/১এ ঠিকানায় অবস্থিত ওই বিক্রয়কেন্দ্রটির এজেন্ট কোড ৬৬২১৯৫৫৪৮।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাল নথি ব্যবহার করে সিমকার্ড বিক্রি এবং সেই সিমের অপব্যবহারের অভিযোগ সামনে এসেছে। এই ঘটনায় তথ্যপ্রযুক্তি আইন, ভারতীয় ন্যায় সংহিতা এবং টেলিযোগাযোগ আইন, ২০২৩-এর একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
মামলায় তথ্যপ্রযুক্তি আইনের ৬৬সি, ৬৬ডি ও ৪৩ নম্বর ধারা, ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২), ৩১৮(৪), ৩১৯(২), ৩৩৬(২), ৩৩৬(৩), ৩৩৮ ও ৩৪০(২) নম্বর ধারা এবং টেলিযোগাযোগ আইন, ২০২৩-এর ৪২(৩) ধারা যুক্ত করা হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে তিলজলা থানার পুলিশ। ওই বিক্রয়কেন্দ্র থেকে কীভাবে জাল সিমকার্ড বিক্রি করা হত, কারা সেই সিম ব্যবহার করত এবং এর পিছনে কোনও বড় চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে আরও তথ্য উঠে আসতে পারে বলে মনে করছে পুলিশ।
Leave a Comment