তিন বছরের চাকরির শর্তে বদলি আটকে রাখা নয়! স্বাস্থ্যকর্মীদের বড় স্বস্তি হাইকোর্টে

By Suman Debnath

November 10, 2026 4:55 PM

তিন বছরের চাকরির শর্তে বদলি আটকে রাখা নয়! স্বাস্থ্যকর্মীদের বড় স্বস্তি হাইকোর্টে


তিন বছর চাকরি পূর্ণ হয়নি, তাই নিজের জেলায় বদলির আবেদন করা যাবে না—স্বাস্থ্য দপ্তরের এই যুক্তিতে আর আটকে রাখা যাবে না মহিলা স্বাস্থ্য সহায়িকাদের বদলির আবেদন। চাকরির মেয়াদ তিন বছর পূর্ণ না হলেও বদলির আবেদন বিবেচনা করতে হবে। তবে সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্রে বিকল্প কর্মী বা ‘রিলিভার’ পাওয়া যাচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে আগে। বাঁকুড়া ও পুরুলিয়ার বাসিন্দা মহিলা স্বাস্থ্য সহায়িকাদের বদলি সংক্রান্ত মামলায় এমনই গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

মামলাকারী মৌমিতা মাহাতো-সহ কয়েক জন মহিলা স্বাস্থ্য সহায়িকা নিজেদের বাড়ির জেলায় বদলির দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের অভিযোগ, বাড়ির জেলায় পর্যাপ্ত শূন্যপদ থাকা সত্ত্বেও বদলির আবেদন বিবেচনা করেনি স্বাস্থ্য দপ্তর। এর আগে আদালতের নির্দেশে স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর তাঁদের আবেদন খতিয়ে দেখেন। কিন্তু ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি যুক্তিগ্রাহ্য নির্দেশ দিয়ে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। সেই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেন তাঁরা।

আবেদনকারীদের আইনজীবী বিশ্বরূপ নন্দি আদালতে জানান, শুধুমাত্র চাকরির মেয়াদ তিন বছর পূর্ণ হয়নি, এই যুক্তিতে বদলির আবেদন বাতিল করা যায় না। অন্যদিকে রাজ্যের বক্তব্য, বিভিন্ন জেলার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে মহিলা স্বাস্থ্য সহায়িকার প্রয়োজনের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি। বহু সাব-সেন্টারে শূন্যপদ থাকলেও সংশ্লিষ্ট জেলায় পর্যাপ্ত কর্মী নেই। ফলে একজনকে বদলি করলে সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন:  ডিসেম্বরে বিয়ে? পাত্র কেরলমের! বামনেত্রী দীপ্সিতা ধরকে ঘিরে জল্পনা, নিজেই দিলেন জবাব

দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি রিশাদ মেদোরা জানান, ২০২৪ সালের ২৯ জানুয়ারি এবং ২০২৬ সালের ৩১ জুলাইয়ের সরকারি বিজ্ঞপ্তিতে বদলির আগে তিন বছর চাকরি করার যে শর্ত রয়েছে, তা বাধ্যতামূলক নয়, নির্দেশমূলক। অর্থাৎ, তিন বছরের চাকরির মেয়াদ পূর্ণ না হওয়াকে বদলির আবেদন খারিজের একমাত্র কারণ হিসেবে দেখানো যাবে না।

তবে কর্মীদের বদলির সুযোগ দিতে গিয়ে স্বাস্থ্য পরিষেবা যাতে ব্যাহত না হয়, সে বিষয়েও সতর্ক আদালত। বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন, সংশ্লিষ্ট সাব-সেন্টারে বিকল্প কর্মী বা ‘রিলিভার’ পাওয়া গেলেই বদলির আবেদন বিবেচনা করতে হবে।

অর্থাৎ, কর্মীর অভাবে কোনও স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা যাতে বিপর্যস্ত না হয়, তা নিশ্চিত করেই সিদ্ধান্ত নিতে হবে কর্তৃপক্ষকে। আদালতের নির্দেশ, আবেদনকারীরা নতুন করে বদলির আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকারি বিজ্ঞপ্তির নির্ধারিত মাপকাঠি এবং আইন মেনে সেই আবেদন বিবেচনা করবে। বদলির তালিকা তৈরির ক্ষেত্রে চাকরির সিনিয়রিটিকেও গুরুত্ব দেওয়া হয় বলে আদালতে জানিয়েছে রাজ্য।

আরও পড়ুন:  আমতলার পার্টি অফিস ভাঙা মামলায় নতুন মোড়! হাইকোর্টে রাজ্যের বড় দাবি

এই মামলায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করেছে হাইকোর্ট। তিন বছরের চাকরির মেয়াদ পূর্ণ না হওয়ায় যাঁরা অনলাইন পোর্টালে বদলির আবেদন করতে পারছেন না, তাঁরাও অফলাইনে আবেদন জমা দিতে পারবেন। সেই আবেদনও বিবেচনা করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

৯ নভেম্বর মামলাটির নিষ্পত্তি করে আদালত জানিয়ে দিয়েছে, তিন বছরের চাকরির শর্ত দেখিয়ে বদলির আবেদন সরাসরি খারিজ করা যাবে না। ফলে নিজের জেলায় ফেরার অপেক্ষায় থাকা মহিলা স্বাস্থ্য সহায়িকাদের সামনে খুলল নতুন করে আবেদনের দরজা। তবে চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে কর্মীসংখ্যার ভারসাম্য এবং জনস্বার্থকেই গুরুত্ব দিতে হবে স্বাস্থ্য দপ্তরকে।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment