হোয়াটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সাসপেন্ড কলকাতা পুলিশের ইনস্পেক্টর

By Suman Debnath

November 10, 2026 4:40 PM

হোয়াটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সাসপেন্ড কলকাতা পুলিশের ইনস্পেক্টর


মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে ‘আপত্তিকর’ মন্তব্য। সেই অভিযোগে সাসপেন্ড করা হল কলকাতা পুলিশের ইনস্পেক্টর একলাখ আহমেদকে। সোমবার সকালে কলকাতা পুলিশ কমিশনারের তরফে এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। সাসপেন্ড থাকাকালীন ওই পুলিশ আধিকারিকের অর্ধেক বেতন কাটা হবে বলেও নির্দেশিকায় জানানো হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি কর্মী হিসেবে দায়িত্বে থাকা সত্ত্বেও সরকার ও মুখ্যমন্ত্রী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন একলাখ। বিষয়টি নিয়ে রাজ্য সরকার তদন্ত করবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ড থাকবেন ওই পুলিশ আধিকারিক।

ঘটনার সূত্রপাত কলকাতা পুলিশের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে। অভিযোগ, সেখানে আলোচনার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে একের পর এক অশালীন মন্তব্য করেন একলাখ আহমেদ। তা নিয়ে গ্রুপের সদস্যদের মধ্যে বিতর্ক শুরু হয়।

আরও পড়ুন:  রায়গঞ্জ থেকে কাকদ্বীপ, একাধিক ঘটনায় কড়া পদক্ষেপ রাজ্যের, তিন পুলিশ আধিকারিক ও এক আইপিএস সাসপেন্ড

যদিও পরে গ্রুপ থেকে নিজের মন্তব্য মুছে দেন অভিযুক্ত ইনস্পেক্টর। ক্ষমাও চেয়ে নেন তিনি। কিন্তু তার আগেই ছড়িয়ে পড়ে মন্তব্যের স্ক্রিনশট। সমাজমাধ্যমে তা ভাইরাল হতেই বিষয়টি নজরে আসে লালবাজারের। এরপরই তাঁর বিরুদ্ধে সাসপেনশনের সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, এর আগেও সমাজমাধ্যমে বিতর্কিত মন্তব্যের জেরে কলকাতা পুলিশের দুই ডিসির বিরুদ্ধে পদক্ষেপ করেছিল লালবাজার। তাঁদের মধ্যে ছিলেন ডিসি নর্থ ৩ বিধান সাহা এবং ডিসি পোর্ট ২ পার্থপ্রতিম দাস।

সেই ঘটনার পর কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দা পুলিশ আধিকারিকদের সমাজমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার বার্তা দিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, পুলিশের কোনও মন্তব্য বা ভিডিয়ো থেকে প্রশাসন সম্পর্কে ভুল বার্তা গেলে তার বিরূপ প্রভাব পড়তে পারে সমাজে। তাই সমাজমাধ্যমে কোনও বিবৃতি বা ভিডিয়ো প্রকাশের আগে প্রত্যেক আধিকারিককে সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন:  পিছিয়ে গেল সুজিত বসুর জামিন মামলার শুনানি

কিন্তু সেই সতর্কবার্তার পরেও মুখ্যমন্ত্রীকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠল এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। যার জেরে এবার সাসপেন্ড হলেন ইনস্পেক্টর একলাখ আহমেদ।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment