ফলন ভালো, লক্ষ্মীপুজোয় পদ্মের জোগান পর্যাপ্ত থাকারই সম্ভাবনা

By Suman Debnath

October 24, 2026 8:05 AM

ফলন ভালো, লক্ষ্মীপুজোয় পদ্মের জোগান পর্যাপ্ত থাকারই সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উৎপাদন ভালো হওয়ায় এবার দুর্গাপুজোয় পদ্মফুলের কোনো ঘাটতি হয়নি। ফুল চাষি ও ব্যবসায়ীদের বক্তব্য, লক্ষ্মীপুজোতেও পদ্মের কোনো সমস্যা হবে না। কারণ বিভিন্ন জেলার জলাশয় ও নয়নজুলিতে চাষ খুব ভালো হয়েছে। রবিবার কোজাগরী লক্ষ্মীপুজো। বৃহস্পতিবারই বিভিন্ন জেলা থেকে প্রায় ৩০ লক্ষ পদ্ম বিভিন্ন হিমঘরে মজুত হয়েছে। শনিবারের মধ্যে তা বিক্রির জন্য আনা হবে কলকাতার জগন্নাথঘাট ফুলবাজারে। ব্যবসায়ীদের বক্তব্য, অন্যান্য বার পুজোর দিন পদ্মের দাম বাড়ে। মানুষকে কার্যত নাকানি চোবানি খেতে হয়। কিন্তু এবার পদ্মের দাম সাধ্যের মধ্যে। লক্ষ্মীপুজোতেও একই অবস্থা থাকার কথা। খুচরো ব্যবসায়ীরা জানান, লক্ষ্মীপুজো ঘরে ঘরে হয়। ফলে প্রচুর পদ্ম লাগে। তবে গতবারের তুলনায় এবার ফুলের বাজার ভালো থাকবে। বড়ো আকারের গাঁদার মালা ফুলবাজার থেকে বৃহস্পতিবারই কিনে নিয়ে গিয়েছেন অনেকে।

আরও পড়ুন:  একুশে জুলাইয়ের আগেই মমতার সঙ্গ ত্যাগ করলেন মদন, দলের সব পদ থেকে দিলেন ইস্তফা

পাইকারি বাজার থেকে পদ্ম কেনা শুরু হবে শনিবার। তাঁরা জানান, এবার দুর্গাপুজোয় পদ্মের দাম কম ছিল। অষ্টমীর দিন সন্ধিপুজো থাকা সত্ত্বেও কমদামে বহু দোকানদারকে পদ্ম বিক্রি করতে হয়েছে। বিক্রি না হওয়া পদ্ম পাঠানো হয় হিমঘরে। সারা বাংলা ফুল চাষি ও ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণচন্দ্র নায়েক বলেন, ‘শিশির পড়লে পদ্মফুল ক্ষতিগ্রস্ত হয়। গাছ নষ্ট হয়ে যায়। কিন্তু এবার যে সময় পুজো অনুষ্ঠিত হচ্ছে, সে সময় গ্রাম বাংলায় শিশির পড়া শুরু হয়নি। সে কারণে ফুল ভালো হয়েছে। তাই দাম কম। এ অবস্থায় বর্তমানে হিমঘরগুলিতে যে পরিমাণ পদ্ম মজুত আছে তাতে লক্ষ্মীপুজোতে কোনো সমস্যা থাকার কথা নয়।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment