পুজোর পাস বিক্রি মামলায় গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন!

By Suman Debnath

October 28, 2026 5:54 PM

পুজোর পাস বিক্রি মামলায় গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন!

কলকাতা, ২৮ অক্টোবর: দুর্গাপুজোর প্রিভিউ শো ও এন্ট্রি পাস বিক্রি সংক্রান্ত মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। আজ, বুধবার সকালে এই মামলাতেই বিধাননগরের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন চন্দননগরের প্রাক্তন বিধায়ক। দীর্ঘক্ষণ ধরে চলে জিজ্ঞাসাবাদ। বাইরে ছিল কড়া নিরাপত্তা। সন্ধ্যায় সিজিও কমপ্লেক্স থেকে বের হওয়ার মুহূর্তের মধ্যে মমতার আমলের এই মন্ত্রীকে গ্রেপ্তার করে ইডি। তাঁকে গাড়িতে করে লালবাজার নিয়ে যাওয়া হচ্ছে বলে সূত্রের খবর। পুজোর পাস দুর্নীতি মামলায় ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন এর আগেই খারিজ করে দেয় হাইকোর্ট। ফলে তাঁকে গ্রেপ্তারের সম্ভাবনা ক্রমশ বাড়ছিল।

দুর্গাপুজোর ভুয়ো পাস বিক্রির নামে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে এই ঘটনায় প্রায় ৫০-৬০ কোটি টাকার আর্থিক দুর্নীতি হয়েছে বলে অনুমান। অভিযোগের সূত্রপাত গত জুন মাসে। বউবাজার থানায় ইন্দ্রনীল সেন, তাঁর স্ত্রীর এবং একটি সংস্থা ‘মাস আর্ট’ এর নামে একটি অভিযোগ দায়ের হয়।

আরও পড়ুন:  বর্ষা বিদায়ের মুখেও ভিজবে কলকাতা-সহ দক্ষিণ! পুজোর কেনাকেটায় বাধা হবে বৃষ্টি?

কলকাতার বিভিন্ন দুর্গাপুজো ঘোরার সুযোগ করে দিত এই সংস্থা এবং সাধারণ মানুষের কাছে পাস বিক্রি করা হত।  আর সেই সুযোগকেই কাজে লাগিয়েই আর্থিক দুর্নীতি চলত বলে অভিযোগ। পাসগুলির বৈধতা নিয়ে প্রথমত প্রশ্ন ওঠে। অভিযোগ আরও গুরুতর হয়েছে ‘ইউনেস্কো’র নাম ব্যবহারের কারণে। ২০২১ সালে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর, কয়েক মাসের মধ্যেই ‘মাস আর্ট’ নামে ওই সংগঠনটি তৈরি করা হয় বলে অভিযোগ। নিজেদের কলকাতার দুর্গাপুজোর প্রচারের ক্ষেত্রে ইউনেস্কোর ‘অফিশিয়াল পার্টনার’ হিসেবেও তুলে ধরা হত বলে অভিযোগ রয়েছে ওই সংস্থার বিরুদ্ধে। শুধু তাই নয়, অনুমতি ছাড়াই ইউনেস্কোর নাম এবং লোগো ব্যবহার করে পাসের বিশ্বাসযোগ্যতা বাড়ানোর চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment