ফের কলকাতায় আগুন, এবার মহাকরণের পিছনের বহুতলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

By Suman Debnath

November 2, 2026 10:10 AM

ফের কলকাতায় আগুন, এবার মহাকরণের পিছনের বহুতলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন


কলকাতায় ফের আগুন। রবিবার গভীর রাতে মহাকরণের বিছনে লায়ন্স রেঞ্জের একটি বহুতলে আগুন লাগে। ভবনের উপরের অংশ থেকে আগুনের শিখা এবং ঘন কালো ধোঁয়া বেরোতে দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় দমকল। সোমবার সকালেও আগুন নেভানোর কাজ চলছে। আগুন নেভাতে কমপক্ষে ১০টি ইঞ্জিন মোতায়েন করা হয়েছে।

মহাকরণ রাজ্যের পুরনো প্রশাসনিক সদর দপ্তর ছিল। এখনও সেখানে কয়েকটি সরকারি দপ্তর রয়েছে। তার ঠিক পিছনের বহুতলে আগুন লাগার ঘটনায় স্বাভাবিক ভাবেই উত্তেজনা ছড়ায়। কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। দমকলের তরফে ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দমকল সূত্র খবর, আগুন আপাতত নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তবে পুরো আগুন নেভাতে আরও কিছুটা সময় লাগবে।

আরও পড়ুন:  জেলার সরকারি হাসপাতালগুলির পরিকাঠামো কেমন? পরিদর্শন করে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিকভাবে জানা গিয়েছে, বহুতলের একটি সংস্থার অফিসে আগুন লাগে। রাতের দিকে ভবনের উপরের অংশ থেকে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তাঁরাই পুলিশ ও দমকলকে খবর দেন। এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। বহুতলের ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, কিংবা অগ্নিকাণ্ডে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে অফিস হিসেবে কেউ ছিল না বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, গত শুক্রবার কলকাতা অভিজাত আবাসন সাউথ সিটি কমপ্লেক্সে তিন নম্বর টাওয়ারের ২৮ তলার একটি ফ্ল্যাটে আগুন লেগেছিল। দমকলেরর সাতটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সেপ্টেম্বর মাসে উত্তর কলকাতার চিৎপুরের নবাবপট্টি এলাকায় একটি গুদামে আগুন লাগে। ওই গুদামে রাসায়নিক এবং পোশাক তৈরির বিভিন্ন সামগ্রী ছিল। আগুন নেভাতে গিয়েছিল দমকলের ১০টি ইঞ্জিন। তবে কোথাওই হতাহতের খবর নেই।

আরও পড়ুন:  ‘আপনি ইউএন-এ যান’, মমতার আন্তর্জাতিক আদালতের পাল্টা নিশানা পঞ্চায়েতমন্ত্রীর

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment