সল্টলেকে বিশ্বের বৃহত্তম ফ্যাশন ওয়ার্ডরোবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার এই উদ্বোধন করে মুখ্যমন্ত্রী জানান, এই ফ্যাশন ওয়ার্ডরোবটি সেই সংস্থার, তারা ইতিমধ্যেই ১৯০০ কোটি টাকা বিনিয়োগ করেছে রাজ্যে। আগামী তিন বছরের মধ্যে আরও পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে তারা। ফলে রাজ্যে কর্মসংস্থান বাড়বে। পাশাপাশি পশ্চিমবঙ্গে হারিয়ে যাওয়া শিল্পবান্ধব পরিবেশ নতুন সরকার চার মাসেই ফিরিয়ে এনেছে বলেও দাবি করেন তিনি। একইসঙ্গে আগামী ৩ বছরের মধ্যে ৫,০০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, নতুন ১৪০টি আউটলেট চালু এবং পুরুলিয়ায় ১,৯০০ কোটি টাকা ব্যয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ার পরিকল্পনার কথাও ঘোষণা করেন শুভেন্দু অধিকারী।
এদিকে শুভেন্দু অধিকারী জানান, রাজ্যে সংস্থাটির ১১০টি স্টোর আছে এখন। সেই সংখ্যাটা বাড়িয়ে ২৫০ করার পরিকল্পনা নিয়েছে তারা। রাজ্যে পালাবদলের পর শিল্প নিয়ে আশা দেখাতে শুরু করেছে শুভেন্দু অধিকারীর সরকার। তবে শুধু আশা নয়, বাস্তবে যে বিনিয়োগ আসছে সেই চিত্র এবার পরিষ্কার হল বলেও মনে করছেন অনেকে। মুখ্যমন্ত্রী বলেন, ‘গত সরকারের আমলে শিল্পবান্ধব পরিবেশ নষ্ট হয়েছে। নানা কারণ সেখানে ছিল। গত চার মাসে শিল্পবান্ধব তৈরি করতে নানা অনুষ্ঠান করেছি। এই সংস্থাটিকে গিনেস বুক অ্যাওয়ার্ডও দিয়েছে। ওরা তিন বছরের মধ্যে ১১০ থেকে ২৫০ স্টোর করার কথা বলেছিল। আমরা বলেছি যদি দেড় বছরের মধ্যে করা যায়। দেখুন, বাজার্স স্টাইল রিটেইল লিমিটেড এরা আজকে আমাদের ফ্যাশন জগতের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য নাম। আমাদের পশ্চিমবঙ্গে অনেকদিন ধরেই বিজনেস এবং ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি পরিবেশ নষ্ট হয়ে গিয়েছিল। আমরা চার মাসে নতুন সরকারের সময় ইন্ডাস্ট্রি এবং বিজনেস ফ্রেন্ডলি এনভারমেন্ট তৈরি করার জন্য সরকারি এবং বেসরকারি উদ্যোগে নানা প্রোগ্রাম করেছি।’
অন্যদিকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই সংস্থাটি পুরুলিয়াতেও এক হাজার একর জমি কিনেছে। সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ার পরিকল্পনা রয়েছে তাদের। রাজ্যে শিল্প নিয়ে আসতে হবে। তাহলেই বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সম্ভব হবে। শুভেন্দু অধিকারীর বক্তব্য, ‘আমাদের যে দুর্গাপুজো আসছে মহাপুজো, তার আগে আজকে তারা পৃথিবীর সবচেয়ে বড় ওয়ার্ডরোবের উদ্বোধন এখানে করল। ইটস এ গ্রেট প্লেজার। গোটা দেশের বিনিয়োগকারীরা বাংলায় বিনিয়োগ করতে ইচ্ছুক। অনন্ত আম্বানির সঙ্গেও কথা হয়েছে। ওঁরাও বাংলায় বিনিয়োগ করতে ইচ্ছুক। মুকেশ আম্বানি এবং অনন্ত আম্বানির সঙ্গে দেখা করব। পুরুলিয়ায় ১০০ একর জমি কিনেছে। সোলার পাওয়ার প্ল্যান্ট লাগাচ্ছেন। ওখানে ভূমিপুজোয় যাব। সবমিলিয়ে ১০০০ একর জমি কিনবেন ওঁরা। কর্মসংস্থান বিপুল হবে। আগামী দিনে ৫ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে। আমি ওঁদের প্রতি কৃতজ্ঞ।’
তাছাড়া আগের সরকারের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগও তুলেছেন মুখ্যমন্ত্রী। কেমন করে রাজ্যে বিনিয়োগকারী সংস্থাগুলিকে বাছাই করা হচ্ছে, সেটাও জানান তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায়, ‘যে কোম্পানি বিনিয়োগ করতে আসছে তাদের বিশ্বাসযোগ্য কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। ওই সংস্থা দুর্নীতির টাকায় চলছে কিনা সেটা দেখা হচ্ছে। শুধু ছবি তোলার জন্য নয়। আমরা সবদিক খতিয়ে দেখে শিল্প আনার চেষ্টা করছি। এদের কাছ থেকে আমি প্রতিশ্রুতি নিয়েছি যে, এরা পশ্চিমবঙ্গে ১১০-এর জায়গায় আগামী কিছুদিনের মধ্যে ২৫০ ওদের সেন্টার তৈরি করবে। তার ফলে আমাদের আরও এমপ্লয়মেন্ট জেনারেট হবে। এই মুহূর্তে ১০টা স্টেটে ২৭৫টা স্টোরে ডাইরেক্ট ৬,০০০ লোক কাজ করে। তার বাইরেও ৭৫,০০০ ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট এরা দিয়েছে। ৮২৫ এমএসএমই ভেন্ডারস এদের সঙ্গে কাজ করছে। টোটাল ইনভেস্টমেন্ট প্রায় ১,৯০০ কোটি এবং এরা অর্গানাইজেশনকে টার্গেট নিয়েছেন আগামী তিন বছরে ৫,০০০ কোটি ইনভেস্টমেন্ট করবে।’
Leave a Comment