পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে আয়োজিত জেলা বইমেলাগুলিকে কেন্দ্র করে আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। বইমেলা দুর্নীতির অভিযোগ নিয়ে বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন গ্রন্থাগারমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। অভিযোগ শোনার পর গোটা বিষয়টি বিস্তারিতভাবে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বুধবার সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে আয়োজিত ‘জনতার দরবার’ কর্মসূচি শেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন গ্রন্থাগারমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। বৈঠকে উপস্থিত বিজেপির কয়েকজন নেতা ও অভিযোগকারীরা পূর্ববর্তী সরকারের আমলে জেলা বইমেলা পরিচালনা এবং সরকারি অর্থে বই কেনা নিয়ে একাধিক অভিযোগ উত্থাপন করেন।
গ্রন্থাগারমন্ত্রীর দাবি, সরকারি অর্থ ব্যবহার করে নির্দিষ্ট কিছু প্রকাশনা বা ব্যক্তির বই কেনার মাধ্যমে অনিয়ম হয়েছে বলে অভিযোগ এসেছে। এই অভিযোগগুলির সত্যতা যাচাই করতে প্রয়োজনীয় নথি সংগ্রহ এবং বিষয়টি বিস্তারিতভাবে পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রাজ্যে প্রশাসনিক পরিবর্তনের পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা একাধিকবার জানিয়েছে বর্তমান সরকার। সেই ধারাবাহিকতায় বিভিন্ন সরকারি প্রকল্প, আর্থিক লেনদেন এবং প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে অভিযোগ খতিয়ে দেখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
সরকারি সূত্রের দাবি, পূর্ববর্তী প্রশাসনের বিভিন্ন প্রকল্প ও ব্যয় সংক্রান্ত অভিযোগের তদন্তে ইতিমধ্যেই একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে গঠিত ওই কমিটি বিভিন্ন অভিযোগের নথি সংগ্রহ ও প্রাথমিক পর্যালোচনার কাজ শুরু করেছে। কমিটিতে একজন জ্যেষ্ঠ আইপিএস আধিকারিকও রয়েছেন।
এবার জেলা বইমেলাকে ঘিরে ওঠা অভিযোগও সেই তদন্তের আওতায় আসতে পারে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে। যদিও অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত পূর্ববর্তী সরকারের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি।
সরকারি অর্থের ব্যবহার নিয়ে ওঠা এই অভিযোগ কতটা সত্য এবং তদন্তে কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহল থেকে প্রকাশনা জগত—সব ক্ষেত্রের।
Leave a Comment