---Advertisement---

শিলিগুড়িতে নতুন বর্ধমান রোড ফ্লাইওভার উদ্বোধন মুখ্যমন্ত্রীর

By Suman Debnath

July 28, 2026 9:55 AM

শিলিগুড়িতে নতুন বর্ধমান রোড ফ্লাইওভার উদ্বোধন মুখ্যমন্ত্রীর

---Advertisement---


দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল শিলিগুড়ির বর্ধমান রোড ফ্লাইওভার। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত শিলিগুড়ি শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ এই পরিকাঠামোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জল্পেশ মন্দিরে পুজো দেওয়ার পর এয়ার ভিউ মোড়ে আয়োজিত অনুষ্ঠানে ফিতে কেটে ফ্লাইওভারের উদ্বোধন করেন তিনি।

পরে নিজেই হেঁটে সেতুটি পরিদর্শন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, পর্যটন ও পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা, সাংসদ রাজু বিস্তা, জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক ও পুলিশ কমিশনারসহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

শিলিগুড়ির যানজট নিরসনের লক্ষ্যেই ২০১৮ সালে প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে ফ্লাইওভার নির্মাণের কাজ শুরু হয়েছিল। শিলিগুড়ি পুরনিগম, রাজ্য পূর্ত দপ্তর এবং ভারতীয় রেলের যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়িত হয়। দীর্ঘদিনের নানা জটিলতা কাটিয়ে সম্প্রতি নির্মাণকাজ শেষ হয়। উদ্বোধনের আগে সেতুটির নীল-সাদা রঙের পরিবর্তে গেরুয়া রঙে নতুনভাবে রং করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পূর্বতন রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, ‘উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ অঞ্চল এতদিন উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। বর্তমান সরকার ‘ডবল ইঞ্জিন’ মডেলে উত্তরবঙ্গের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে।’ তিনি জানান, গত আট মাসে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেট দ্বিগুণ করে ২,২০০ কোটি টাকা করা হয়েছে এবং এই অঞ্চলের উন্নয়নের জন্য উত্তরবঙ্গ থেকেই ১০ জন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment