---Advertisement---

অভিষেকের ডিজে মামলায় বয়ান রেকর্ড বিজেপি বিধায়কের

By Suman Debnath

July 10, 2026 9:10 AM

অভিষেকের ডিজে মামলায় বয়ান রেকর্ড বিজেপি বিধায়কের

---Advertisement---





ডিজে মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সাক্ষী হিসেবে গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করের বয়ান রেকর্ড করল সিআইডি। বৃহস্পতিবার ভবানী ভবনে বয়ান রেকর্ড করল সিআইডি।

বিজেপি বিধায়ক জানিয়েছেন, চলতি বছরের ৪ মে, সন্ধ্যায় বিজয় মিছিল করে ফেরার সময় ক্যানিংয়ে তাঁর ও দলীয় কর্মীদের উপর প্রাণঘাতী হামলা হয়। হামলা চালায় তৃণমূলের পরেশরাম দাস ও রাজা গাজী। সঙ্গে ছিল তাদের গুণ্ডা বাহিনী। সেই সমস্ত কথাই সিআইডিকে জানিয়েছেন বিধায়ক।

বাগুইআটির বাসিন্দা রাজীব সরকারের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই ‘ডিজে’ মামলার তদন্ত করছে সিআইডি। অভিযোগকারীর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই মন্তব্য উস্কানিমূলক ছিল এবং তা আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে, পরেশরাম দাস হামলার অভিযোগ মানতে নারাজ। তাঁর বক্তব্য, ফল ঘোষণার রাতে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে তৃণমূল কর্মীদের সামান্য বচসা হয়েছিল মাত্র। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং কোনও হামলার ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেছেন। একটি ছোট ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে বড় করে দেখানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

সিআইডি সূত্রের খবর, ক্যানিংয়ের ওই ঘটনার সঙ্গে ‘ডিজে’ সংক্রান্ত মামলার যোগসূত্র হিসেবে খতিয়ে দেখা হচ্ছে। সেই কারণেই বিকর্ণ নস্করের সাক্ষ্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তদন্তকারীরা। এদিকে, ‘ডিজে’ মামলায় আদালতেও চাপে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি চেয়ে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছে সিআইডি। নির্ধারিত দু’টি তারিখে অভিষেক কণ্ঠস্বরের নমুনা দিতে হাজির হননি। এই প্রক্রিয়া থেকে অব্যাহতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেও সেখানেও স্বস্তি পাননি তিনি। আগামী ১৮ জুলাই তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment