---Advertisement---

ভাঙড় কলেজে অশান্তি, চার গ্রেপ্তারি ঘিরে ফের উত্তেজনা, পথে এসএফআই

By Suman Debnath

September 22, 2026 3:10 PM

ভাঙড় কলেজে অশান্তি, চার গ্রেপ্তারি ঘিরে ফের উত্তেজনা, পথে এসএফআই

---Advertisement---


ভাঙড় কলেজে বিজেপি নেতা সায়ন্তন বসুর সফর ঘিরে তৈরি হওয়া অশান্তির রেশ কাটার আগেই ফের উত্তেজনার আশঙ্কা। কলেজের গোলমালের ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই গ্রেফতারি এবং পুলিশের ভূমিকার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে বড়সড় আন্দোলনের ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠন এসএফআই। প্রতিবাদ মিছিলের পাশাপাশি ডিসি দফতরে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও রয়েছে তাদের। পরিস্থিতি পর্যালোচনা করতে মঙ্গলবার ভাঙড় থানায় পৌঁছন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি (লিগ্যাল) ভাস্কর মুখোপাধ্যায়।

এসএফআইয়ের কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি তৎপরতা। নতুন করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে দিকে বিশেষ নজর রাখা হচ্ছে। কলেজের অশান্তি, চার জনের গ্রেফতারি এবং বিকেলের ছাত্র আন্দোলন—সামগ্রিক পরিস্থিতি নিয়ে ভাঙড় থানায় উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন জয়েন্ট সিপি।

ঘটনার সূত্রপাত সোমবার। ভাঙড় কলেজের পরিচালন সমিতির নতুন সভাপতি হিসেবে প্রথম বার কলেজ চত্বরে যান সায়ন্তন বসু। তাঁর উপস্থিতিকে কেন্দ্র করে প্রতিবাদে সরব হয় এসএফআই এবং আইএসএফ সমর্থিত ছাত্র সংগঠন স্টুডেন্টস ফ্রন্ট। অন্য দিকে, পাল্টা অবস্থানে ছিল এবিভিপি সমর্থকরা। দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা, পরে তা সংঘর্ষের চেহারা নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এর পর থানা ঘেরাও করেও বিক্ষোভ দেখানো হয়।

অশান্তির মধ্যে তাদের সমর্থক এবং ছাত্রীদের উদ্দেশে কুরুচিকর মন্তব্য ও অশালীন অঙ্গভঙ্গির অভিযোগ তোলে এবিভিপি। পুলিশ সূত্রে খবর, সেই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই চার জনকে গ্রেফতার করা হয়েছে।

তবে গ্রেফতারির ঘটনায় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছে এসএফআই এবং আইএসএফ। তাদের দাবি, বিজেপি ও এবিভিপির চাপেই পুলিশ একতরফা ভাবে ব্যবস্থা নিয়েছে। আন্দোলনকারী ছাত্রদের উপর পুলিশি দমন-পীড়নেরও অভিযোগ উঠেছে। যদিও পুলিশের তরফে অভিযোগের ভিত্তিতেই আইনানুগ পদক্ষেপ করা হয়েছে বলে জানানো হয়েছে।

এই পরিস্থিতিতেই মঙ্গলবার বিকেল ৩টে নাগাদ বাসন্তী হাইওয়ের ঘটকপুকুর এলাকায় বিক্ষোভ মিছিল ও পথসভার ডাক দিয়েছে এসএফআই। কর্মসূচি শেষে ডিসি দফতরে গিয়ে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে। ফলে কলেজের অশান্তির পর মঙ্গলবারের ছাত্র আন্দোলনকে ঘিরেও ভাঙড়ে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment