---Advertisement---

মাদক পাচার রুখতে রাজ্যে আসছে অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্স, জারি বিজ্ঞপ্তি

By Suman Debnath

July 30, 2026 11:35 AM

মাদক পাচার রুখতে রাজ্যে আসছে অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্স, জারি বিজ্ঞপ্তি

---Advertisement---


রাজ্যজুড়ে মাদক পাচার ও সংগঠিত পাচারচক্রের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ করতে বিশেষ বাহিনী গঠনের পথে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্স (এএনটিএফ) নামে নতুন এই বিশেষ বাহিনী গঠনের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি হয়েছে। তবে বাহিনীর কার্যপদ্ধতি, জনবল ও সাংগঠনিক কাঠামো এখনও চূড়ান্ত হয়নি।

সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফরে বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা, আন্তঃরাজ্য অপরাধ এবং মাদক পাচার রোধ নিয়ে শীর্ষ পর্যায়ের বৈঠক হয়। ওই বৈঠকে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ), রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিক এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রশাসনিক সূত্রের দাবি, সংগঠিত মাদক পাচারচক্রের বিরুদ্ধে আরও সমন্বিত পদক্ষেপের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয় ওই বৈঠকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় সাম্প্রতিক সময়ে আন্তঃসীমান্ত মাদক পাচারের প্রবণতা বেড়েছে। পাচারকারীরা আগের রুট পরিবর্তন করে নতুন পথ ব্যবহার করছে বলেও গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে। এতদিন এই ধরনের অপরাধ দমনের দায়িত্ব মূলত স্থানীয় থানা ও রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর উপর ছিল। এবার শুধুমাত্র মাদক পাচার ও তার সংগঠিত চক্রের বিরুদ্ধে অভিযান চালাতে পৃথক টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন:  পঞ্চায়েত প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা কমছে, জানালেন দিলীপ

নবান্ন সূত্রের খবর, নতুন এই বাহিনী এসটিএফের অধীনেই কাজ করবে। এর নেতৃত্বে থাকবেন আইজি পদমর্যাদার এক আধিকারিক। জেলা পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার পাশাপাশি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির তথ্যের ভিত্তিতেও অভিযান চালাবে এই বাহিনী।

প্রশাসনিক সূত্রে আরও জানা গিয়েছে, সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করার পাশাপাশি আন্তঃরাজ্য পাচারচক্র, হাওলার মাধ্যমে অর্থ লেনদেন এবং মাদক কারবারের আর্থিক নেটওয়ার্কের উপর বিশেষ নজর রাখবে অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্স। বাহিনীর কর্মীসংখ্যা, দায়িত্ব বণ্টন এবং কার্যপ্রণালী চূড়ান্ত করতে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে বলে নবান্ন সূত্রে দাবি।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment