---Advertisement---

ভাঙল আরামবাগ পুরবোর্ড, দায়িত্বে প্রশাসক

By Suman Debnath

July 29, 2026 4:00 PM

ভাঙল আরামবাগ পুরবোর্ড, দায়িত্বে প্রশাসক

---Advertisement---


চেয়ারম্যান ও অধিকাংশ কাউন্সিলরের দীর্ঘদিনের অনুপস্থিতিতে প্রশাসনিক অচলাবস্থার জেরে আরামবাগ পুরসভার তৃণমূল পরিচালিত বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। মহকুমা শাসকের নির্দেশে ডেপুটি ম্যাজিস্ট্রেট সমর দত্তকে পুর প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। বুধবার থেকেই তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন।

রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকে পুরপ্রধান সমীর ভাণ্ডারি এবং একাধিক কাউন্সিলর পুরসভায় অনুপস্থিত থাকায় গুরুত্বপূর্ণ কাজ, নাগরিক পরিষেবা ও পুরকর্মীদের বেতন আটকে গিয়েছিল। পরিস্থিতির জেরে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন। একাধিকবার নোটিস দিয়েও সন্তোষজনক জবাব না মেলায় মহকুমা শাসক রবি কুমার বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেন।

আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ বলেন, নাগরিক স্বার্থে এই সিদ্ধান্ত জরুরি ছিল। অন্যদিকে, প্রাক্তন ভাইস চেয়ারম্যান মমতা মুখোপাধ্যায় জানান, চেয়ারম্যানের শারীরিক অসুস্থতার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছিল। মানুষের স্বার্থে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত তাঁরা মেনে নিয়েছেন।

এর আগে গত ১১ জুলাই চা্ঁপদানি পুরবোর্ডের চেয়ারম্যান-সহ কাউন্সিলররা পদত্যাগ করেছেন ।  এছাড়াও পদত্যাগ করেছেন বৈদ্যবাটি, শ্রীরামপুর ও কোন্নগর পুরসভার চেয়ারম্যানরা । যার মধ্যে বৈদ্যবাটি পুরবোর্ড পুরোপুরি ভেঙে গিয়েছে । বসানো হবে প্রশাসক । শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, কোন্নগর পুরসভার চেয়ারম্যান-সহ মোট চারজন পদত্যাগ করেছেন ।

এছাড়াও ৯ জুলাই ভেঙে গিয়েছে চাঁপদানি পুরবোর্ড।  পদত্যাগ করেছিলেন বোর্ডের চেয়ারম্যান-সহ ১৯ জন তৃণমূল কাউন্সিলর। চাঁপদানির বিজেপি বিধায়ক দিলীপ সিংহ জানিয়েছিলেন, প্রশাসন বসিয়ে কাজ চলবে। ৪ মে র পর থেকে রাজ্যের এক পর এক পুরবোর্ড ভাঙা শুরু হয়েছে। বাদ যায়নি কলকাতা পুরসভাও। সেখানেও পদত্যাগ করেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। তারপরে বাধ্য হয়ে ভেঙে ফেলা হয়েছিল কলকাতা পুরবোর্ডও। বর্তমানে পুরসভার ভোটের দিকে তাকিয়ে রয়েছেন সকলে। কারণ সেটা না হলে একাধিক কাজ করা যাচ্ছে না। আর তা নিয়ে সমস্যায় রয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি কর্মীরা।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment