দু’দিনের মধ্যেই তৈরি হবে ঘূর্ণিঝড়, তোলপাড় করবে বছরের প্রথম সাইক্লোন ‘অর্ণব’?

By Suman Debnath

October 24, 2026 11:10 AM

দু’দিনের মধ্যেই তৈরি হবে ঘূর্ণিঝড়, তোলপাড় করবে বছরের প্রথম সাইক্লোন ‘অর্ণব’?


আন্দামানের কাছেই এখন অবস্থান করছে নিম্নচাপ। দ্রুতই গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে সেটি। আর তারপরই বঙ্গোপসাগর তোলপাড় করবে বছরের প্রথম সাইক্লোন ‘অর্ণব’ বলে মনে করছে আবহাওয়া দপ্তর। আগামী সপ্তাহে মঙ্গলবার, বুধবারের মধ্যে সেই ঝড়ের প্রভাব বেশ বোঝা যাবে পশ্চিমবঙ্গে। এখন পুজোর ছুটিতে যাঁদের বেড়াতে যাওয়ার পরিকল্পনা আছে তাঁদেরকে সতর্ক করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার সকালের মধ্যেই সাগরে তৈরি হয়ে যেতে পারে ঘূর্ণিঝড়। সেটা তারপরে উপকূলের দিকে ধেয়ে আসবে। তার প্রভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ জুড়ে ভারী বৃষ্টি এবং ঝড়ের তাণ্ডবের সম্ভাবনা আছে। আগে থেকে তাই সতর্ক করে দেওয়া হয়েছে।

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এগোতে পারে উত্তর-পশ্চিম দিকে। তার জেরে সবথেকে বেশি প্রভাব পড়তে পারে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশায়। মাঝে আর একটা দিন। সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ওই নিম্নচাপ। আর তার জেরে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরুর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রতল থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতায়। নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে শনিবার গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর পশ্চিম-উত্তর পশ্চিমে সরতে সরতে সেটা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে রবিবার। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবার এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলা ও পশ্চিমাঞ্চলে। বৃহস্পতিবার উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।

আরও পড়ুন:  ‘আমি হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যাব’, কলকাতা পুরসভা-পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের

ঝোড়ো হাওয়ার বেগ কলকাতায় থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। একইরকম পূর্বাভাস থাকছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। তবে দক্ষিণবঙ্গের ৬টি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বুধবার থেকে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বুধবার, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত টানা ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে বৃহস্পতিবার এবং শুক্রবার।

উত্তরবঙ্গে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। অর্ণব ঘূর্ণিঝড়ের জেরে দমকা বাতাস বইতে পারে উপকূলে। মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার থেকে দুর্যোগ শুরু হবে ওড়িশা-অন্ধ্রপ্রদেশ উপকূলে। মঙ্গলবার পুরী, বিশাখাপত্তনমে লাল সতর্কতা এবং বুধবার কমলা সতর্কতা জারি হয়েছে। মঙ্গলবার-বুধবার গঞ্জাম জেলায় থাকছে লাল সতর্কতা। ঘূর্ণিঝড়ের জন্য নিয়ন্ত্রিত হতে পারে দক্ষিণ ভারতের ট্রেন চলাচল। তুষারপাতের সতর্কতা থাকছে সিকিমে। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি বেশি।

আরও পড়ুন:  কলকাতা হাইকোর্টে আসছেন নয়া প্রধান বিচারপতি, জেনে নিন তাঁর বিষয়ে নানা তথ্য

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment