২০১৭ সালে কলকাতার লেক থানা এলাকায় চন্দ্রাণী জুয়েলার্সে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতির ঘটনায় তিন অভিযুক্তকে ৯ বছরের কারাদণ্ড দিল আদালত। মঙ্গলবার আলিপুরের দ্বিতীয় ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৯ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালের ২৭ জুলাই লেক থানা এলাকার চন্দ্রাণী জুয়েলার্সে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে কয়েকজন দুষ্কৃতী। দোকান থেকে প্রায় ৭৫২ গ্রাম সোনার গয়না লুট করা হয়। ঘটনার পর তদন্তে নেমে চার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের সকলেই মণিপুরের বাসিন্দা বলে জানা যায়।
ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে ডাকাতি ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের ধারায় মামলা রুজু হয় এবং শুরু হয় বিচারপ্রক্রিয়া। চার অভিযুক্তের মধ্যে একজন আগেই আদালতে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছিলেন। মঙ্গলবার বাকি তিন অভিযুক্তও আদালতে দোষ স্বীকার করেন।
এর পরই আদালত তিন অভিযুক্তকে ৯ বছর করে সশ্রম কারাদণ্ডের সাজা শোনায়। লেক থানার মামলাটিতে দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর এই রায় ঘোষণা হল।








Leave a Comment