---Advertisement---

রাখিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

By kolamkotha.com

August 28, 2026 12:20 PM

---Advertisement---


রাখি পূর্ণিমার দিন সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা। বাংলাদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে শুক্রবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে নতুন নিম্নচাপ ঘনীভূত হতে চলেছে। এর ফলে রবি ও সোমবার উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার কলকাতায় কী বৃষ্টির পূর্বাভাস রয়েছে? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?

দক্ষিণবঙ্গের আবহাওয়া

শুক্রবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় কোনও বৃষ্টির পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর।

কলকাতার আবহাওয়া

কলকাতায় শুক্রবার সারাদিনই মেঘলা আকাশের দেখা মিলবে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শনিবার থেকে সোমবারের মধ্যে কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়বে। দু-এক পশলা ভারী বৃষ্টির কারণে জারি থাকবে হলুদ সতর্কতা।

উত্তরবঙ্গের আবহাওয়া

শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার দু-এক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবারও উত্তরবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

---Advertisement---

No comments to show.

Leave a Comment