---Advertisement---

দেবদেবীর ছবি পণ্যের মোড়কে ব্যবহার নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা, কেন্দ্রের কাছে জবাব তলব

By kolamkotha.com

September 5, 2026 12:55 AM

দেবদেবীর ছবি পণ্যের মোড়কে ব্যবহার নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা, কেন্দ্রের কাছে জবাব তলব

---Advertisement---


বিভিন্ন বাণিজ্যিক সামগ্রী, মোড়ক, ডিসপোজেবল বক্স, প্লাস্টিকের বাক্স এবং কন্টেনারে হিন্দু দেবদেবীর ছবি ব্যবহারের অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হল। ব্যবহারের পর ওই পণ্য বা মোড়ক আবর্জনার স্তূপে ফেলে দেওয়া হলে তা ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে বলে মামলায় দাবি করা হয়েছে।

মামলাকারী অভিজিৎ যোশীর করা ওই জনস্বার্থ মামলার শুনানি হয় বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। মামলাকারীর হয়ে সওয়াল করেন আইনজীবী রামকৃষ্ণ ভট্টাচার্য। কেন্দ্রের পক্ষে ছিলেন অতিরিক্ত সলিসিটর জেনারেল ধীরাজ কুমার ত্রিবেদী।

মামলায় অভিযোগ করা হয়েছে, বিভিন্ন বাণিজ্যিক পণ্য এবং পণ্যের মোড়কে হিন্দু দেবী-দেবতাদের ছবি অবাধে ব্যবহার করা হচ্ছে। ব্যবহারের পর সেই প্যাকেট, বাক্স বা কন্টেনার বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হচ্ছে। এর ফলে ধর্মীয় প্রতীক এবং দেবদেবীর ছবির মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে বলে আদালতের কাছে দাবি করা হয়েছে।

এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবস্থান জানতে চেয়েছে হাইকোর্ট। ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, পরবর্তী শুনানির দিন কেন্দ্রকে জানাতে হবে, মামলায় উত্থাপিত বিষয়গুলি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবস্থান কী।

তবে বৃহস্পতিবার মামলাটিতে কোনও চূড়ান্ত নির্দেশ দেয়নি আদালত। কেন্দ্রের বক্তব্য শোনার পরই পরবর্তী পদক্ষেপ করা হবে।

আগামী ২৯ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি। সেদিন কেন্দ্রের লিখিত বক্তব্য আদালতে পেশ হওয়ার কথা।

---Advertisement---

No comments to show.

Leave a Comment