১১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ এসআরএফটিআই পড়ুয়াদের হস্টেল ছাড়ার নির্দেশ

By Suman Debnath

November 6, 2026 10:10 AM

১১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ এসআরএফটিআই পড়ুয়াদের হস্টেল ছাড়ার নির্দেশ


পড়ুয়া ও কর্তৃপক্ষের সংঘাতের জেরে আপাতত বন্ধই থাকছে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত ক্যাম্পাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার জারি করা নোটিসে জানানো হয়েছে, ওই সময় পর্যন্ত পঠন-পাঠন-সহ প্রতিষ্ঠানের সমস্ত কাজকর্ম বন্ধ থাকবে। ইতিমধ্যেই পড়ুয়াদের হস্টেল ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বহিরাগতদের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষের জেরে গত কয়েক মাস ধরেই প্রতিষ্ঠান ঘিরে বিতর্ক শুরু হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর ক্যাম্পাসের ভিতরে পড়ুয়াদের সঙ্গে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর থেকে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ বন্ধ করার দাবিতে সরব হন পড়ুয়ারা। পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে শুরু হয় ক্লাস বয়কট।

আরও পড়ুন: বাংলায় ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা জয় বালাজির, ২০ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা

আরও পড়ুন:  প্রতারকের ফাঁদে পা দিয়ে মাথায় হাত বৈশালির

পরিস্থিতি আরও জটিল হয় ৪ অক্টোবর। ওই দিন ক্যাম্পাসের বাইরে অন্য একটি হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ঘটনার পর উপাচার্যের অপসারণের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন পড়ুয়ারা। এর জেরে ১৩ নভেম্বর পর্যন্ত পঠন-পাঠন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। হস্টেলে থাকা পড়ুয়াদের ২৪ ঘণ্টার মধ্যে ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় মেস পরিষেবাও।

অন্যদিকে, বহিষ্কৃত ছাত্রদের বিরুদ্ধে উপাচার্য সন্তোষ আজমেরা এবং প্রতিষ্ঠানের অন্যান্য আধিকারিকদের শারীরিক নিগ্রহ, উপাচার্যের কার্যালয়ে ভাঙচুর এবং ক্যাম্পাসের দেওয়ালে আপত্তিকর গ্রাফিতি আঁকার অভিযোগ উঠেছে। সব মিলিয়ে পড়ুয়া ও কর্তৃপক্ষের মধ্যে সংঘাত ক্রমশ তীব্র হয়েছে।

পুজোর সময়েও ক্যাম্পাস ঘিরে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। কর্তৃপক্ষের বক্তব্য, পড়ুয়াদের আন্দোলন বন্ধ করতে বলা হয়েছে। অন্যদিকে, পড়ুয়াদের দাবি উপাচার্যকে পদত্যাগ করতে হবে। এই টানাপোড়েনের মধ্যেই ক্যাম্পাস বন্ধ রাখার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে ফের ক্যাম্পাস চালু করা হবে।

আরও পড়ুন:  ‘টুলুর সঙ্গে আমার নাম জড়াবেন না’, ক্ষুব্ধ অনুব্রত মণ্ডল; মানহানির মামলার হুঁশিয়ারি

দেখুন:

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment