নদিয়ার কল্যাণীর একটি প্রখ্যাত সুপারমার্টের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। সেই সুপারমার্টের বিরুদ্ধে ৭ মাসের মেয়াদউত্তীর্ণ পানীয় জল বিক্রি করার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, সেই জল খেয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়ার অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দা প্রতাপ সর্দার। সোমবার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগকারী প্রতাপ সর্দার জানান, এদিন কল্যাণীর ওই শপিং মার্ট থেকে ২৮৬ টাকার কেনাকাটা ও কয়েক বোতল পানীয় জল কেনেন তিনি। বোতল খোলার পর জল খেলে তাতে চরম দুর্গন্ধ এবং কেরোসিন তেলের মতো স্বাদ পান তিনি। জল পানের মাত্র কয়েক মিনিটের মধ্যেই তার তীব্র মাথাব্যথা, মাথা ঝিমঝিম করা এবং শরীরে চরম অস্বস্তির মতো সমস্যা শুরু হয়। তাঁর সঙ্গে থাকা আরেকজন সঙ্গীও জল খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বলে তিনি জানিয়েছেন।
অভিযোগকারী জানান, দ্রুত তাঁকে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ দেন। সেই সঙ্গে জরুরি পর্যবেক্ষণে রেখে বিশ্রামের পরামর্শ দেন। প্রতাপের অভিযোগ, জল কেনার সময় শপিং মার্টের কর্মীরা ‘অফার’ আছে বলে সমস্ত বোতল একসঙ্গে দিয়ে দেন। পরবর্তীতে দেখা যায়, জলটি ৭ মাস আগেই মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে।
বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে গেলে প্রথমে সুপারমার্ট কর্তৃপক্ষ টাকা ফেরত দেওয়ার প্রস্তাব দিয়ে মেসেজ পাঠায়। কিন্তু জল খেয়ে অসুস্থতার প্রতিবাদ করলে পরবর্তীতে তারা জলটি তাদের দোকান থেকে কেনা হয়নি বলে অস্বীকার করার চেষ্টা করে। যদিও ক্রেতার কাছে কেনাকাটার পাকা বিল রয়েছে বলে দাবি করেছেন তিনি।
আরও পড়ুন: ছাদ সারানোর অনুমতি, ভেঙে ফেললেন গোটা বাড়ি! বহুতল গড়ার অপরাধে ২ বছরের জেল বহাল হাইকোর্টে
যদিও এই বিষয়ে ওই সুপার মার্টের কর্তৃপক্ষের দাবি, বিষয়টি খতিয়ে না দেখা পর্যন্ত তিনি এখনই কোনও মন্তব্য করতে রাজি নন। অভিযোগকারী এই বিষয়ে কল্যাণী থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। পুলিশ অভিযোগ পাওয়ার পরেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
Leave a Comment